মিলি রহমান।।
কখনো ছোট্ট কোনো সাফল্যে মন আনন্দে ভরে ওঠে, আবার প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটালেই দূর হয় একাকিত্ব। এসব অনুভূতির পেছনে মস্তিষ্ক ও শরীরের নানা রাসায়নিক উপাদানের ভূমিকা রয়েছে।
এর মধ্যে চারটি উপাদান————– ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন ‘হ্যাপি হরমোন’ নামে পরিচিত।
ডোপামিন: কোনো লক্ষ্য পূরণ, নতুন কিছু শেখা কিংবা পছন্দের কাজ শেষ করার পর যে আনন্দ ও তৃপ্তি অনুভূত হয়, তার সঙ্গে ডোপামিনের সম্পর্ক রয়েছে। এটি আমাদের আগ্রহ, মনোযোগ ও কাজের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।
সেরোটোনিন: মেজাজ ভালো রাখা, ঘুম ও ক্ষুধা নিয়ন্ত্রণে এই রাসায়নিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত হাঁটাহাঁটি, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং দিনের আলোয় কিছুটা সময় কাটানো মানসিক সুস্থতায় সহায়ক।
অক্সিটোসিন: ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এই হরমোন। প্রিয়জনের সান্নিধ্য, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশের সময় এর নিঃসরণ বাড়তে পারে।
এন্ডোরফিন: শরীরের প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে পরিচিত এন্ডোরফিন। ব্যায়াম, হাসি এবং আনন্দদায়ক বিভিন্ন কর্মকাণ্ডের সময় এটি নিঃসৃত হয়। ব্যথা ও মানসিক চাপ সামলাতেও এটি ভূমিকা রাখে।
যেভাবে ভালো রাখবেন মন
মন ভালো রাখতে প্রতিদিনের জীবনযাপনে কিছু অভ্যাস যোগ করা যেতে পারে। সকালে হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, নিজের পছন্দের কাজ করুন এবং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান।
অবসর পেলেই প্রকৃতির কাছাকাছি সময় কাটানো কিংবা পছন্দের জায়গায় ঘুরে আসাও মনকে সতেজ রাখতে সাহায্য করে।
মনে রাখতে হবে, ভালো থাকা শুধু হরমোনের ওপর নির্ভর করে না। সুস্থ জীবনযাপন, ইতিবাচক সম্পর্ক এবং নিজের যত্ন নেওয়ার মধ্য দিয়েই মানসিক প্রশান্তি ধরে রাখা সম্ভব।











































