Home আঞ্চলিক খুলনায় সন্ত্রাসীর আস্তানায় মিলল বিদেশি পিস্তল

খুলনায় সন্ত্রাসীর আস্তানায় মিলল বিদেশি পিস্তল

0

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মোবাইল ফোন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়।

উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের (২৬)। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক শহিদুল ইসলাম সিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।