স্পোর্টস ডেস্ক।।
খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অধ্যায় এখন অতীত। তবে আলবিসেলেস্তেদের সঙ্গে তার সম্পর্কের নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। জাতীয় দলের কোচিং স্টাফে মেসিকে যুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লিওনেল স্কালোনি। বরং আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা নিজে আগ্রহ দেখালে তাকে সাদরে গ্রহণ করার কথা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। তার বিদায়ের পর কোচিং স্টাফে নতুন কাউকে যুক্ত করা হবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। সেখানেই উঠে আসে মেসির নাম।
জবাবে স্কালোনি বলেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক… সে আসুক।’
তবে মেসির ফুটবল ক্যারিয়ার এখনই শেষ হয়ে যাচ্ছে, এমনটা মনে করেন না আর্জেন্টিনা কোচ। বরং ক্লাব ফুটবলে আরও দীর্ঘ সময় তাকে খেলতে দেখার প্রত্যাশা স্কালোনির। এমনকি ২০৩০ সালের পরও মাঠে থাকতে পারেন মেসি বলে বিশ্বাস তার। স্কালোনির ভাষায়, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যেই বিদায় জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে সে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।’
অবশ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার ইচ্ছা নেই বলে আগেই জানিয়েছেন মেসি। জাতীয় দলের কোচিং স্টাফের অংশ হওয়ার চেয়ে ফুটবল ব্যবস্থাপনায় কাজ করার আগ্রহের কথাই প্রকাশ করেছেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনার রোজারিওর ক্লাব লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন এই মহাতারকা।
এদিকে স্যামুয়েলের বিদায়ের পরপরই তার জায়গায় কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই আর্জেন্টিনার। স্কালোনি জানিয়েছেন, আপাতত বর্তমান কোচিং দল নিয়েই কাজ চালিয়ে যেতে চান তারা। ভবিষ্যতে যুবদলের কয়েকজন ফুটবলারকে সহযোগিতার জন্য যুক্ত করা হতে পারে।
দীর্ঘদিনের সহকর্মী স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে আবেগও প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘ওয়াল্টার আগেই জানিয়েছিল, সে নিজের মতো করে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা। সে আমার বন্ধু এবং এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তার নিজের পথচলা শুরু করার এটাই সঠিক সময়। তার জন্য শুভকামনা।’











































