ঢাকা অফিস।।
বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড ও তীব্র তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনা শিশুদের মনে ভয় ও উদ্বেগ তৈরি করছে। বাংলাদেশের সাতক্ষীরা ও কক্সবাজারে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ১০ শিশুর মধ্যে ৯ জনই এসব ঘটনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে।
তাদের প্রায় ৪০ শতাংশ এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন। আবার প্রায় ৬০ শতাংশ শিশু জানিয়েছে, জলবায়ু ও পরিবেশগত সমস্যার কারণে তারা বিষণ্ন বা ভীত বোধ করে।
শুধু তা-ই নয়, জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ শিশু মনে করে, তাদের নিজ এলাকায় এমন কিছু স্থান রয়েছে, যেখানে শিশুদের যাওয়া নিরাপদ নয়। শিশুদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে চাইল্ডফান্ড অ্যালায়েন্সের ‘ওয়ার্ল্ড ইনডেক্স ২০২৬’ শীর্ষক গবেষণায়।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু অধিকার ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সংস্থা এডুকো বাংলাদেশ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণার এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের মার্চে সাতক্ষীরা ও কক্সবাজারে পরিচালিত এ জরিপে অংশ নেয় ১০১ শিশু ও কিশোর-কিশোরী।
‘সেফ এনাফ টু হ্যাভ আ ফিউচার’ শিরোনামে প্রকাশিত গবেষণাটিতে বিশ্বের ২৭টি দেশের শিশুদের মতামত, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরা হয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার বাস্তব অবস্থা পর্যালোচনার পাশাপাশি আইন ও নীতিমালায় থাকা সুরক্ষাব্যবস্থার সঙ্গে তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার ব্যবধানও বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন শিশুদের জন্য শুধু পরিবেশগত সংকট নয়, এটি তাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তাও তৈরি করছে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি এবং হুমকির মুখে পড়ছে পরিবারের জীবিকা। চরম আবহাওয়ার কারণে বাস্তুচ্যুতি ও নিরাপত্তাঝুঁকিও বাড়ছে। এসব অভিজ্ঞতা শিশুদের মানসিক সুস্থতা, নিরাপত্তাবোধ ও ভবিষ্যৎ প্রত্যাশায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি শুধু নীতিমালা ও প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের কথা শুনতে হবে, তাদের উদ্বেগ বুঝতে হবে। বিশেষ করে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় পরিবার, বিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।
নিজ এলাকাতেই নিরাপদ বোধ করে না শিশুরা
জরিপে শিশুদের নিরাপত্তাবোধের ক্ষেত্রে বাড়ি, বিদ্যালয় ও পারিপার্শ্বিক পরিবেশের ভূমিকা উঠে এসেছে। অংশগ্রহণকারী শিশুদের ৮১ শতাংশ বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্রে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। বাড়িতে নিরাপদ বোধ করে ৬২ শতাংশ এবং বাবা-মা, অভিভাবকসহ পরিবারের সদস্যদের সঙ্গে থাকলে নিরাপদ বোধ করে ৫৫ শতাংশ শিশু।
তবে নিজ এলাকার পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে শিশুদের মধ্যে। ৭৭ শতাংশ শিশু মনে করে, তাদের এলাকায় এমন কিছু স্থান রয়েছে, যেখানে শিশুদের যাওয়া উচিত নয়। এসব স্থানে সড়ক দুর্ঘটনা ও আঘাত, অনিরাপদ মানুষের সঙ্গে মেলামেশা এবং পানিতে পড়ে যাওয়া বা ডুবে যাওয়ার ঝুঁকির কথা জানিয়েছে তারা। প্রতিটি ঝুঁকির বিষয়ই প্রায় অর্ধেক শিশু উল্লেখ করেছে।
গবেষণায় বলা হয়েছে, শিশুদের নিরাপত্তা বলতে শুধু শারীরিক ক্ষতি থেকে সুরক্ষাকে বোঝায় না। ভয় বা বিপদের সময় কেউ তাদের কথা শুনবে, বিশ্বাস করবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে—এমন আস্থাও নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক জরিপে অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি শিশু ও কিশোর-কিশোরী জানিয়েছে, তারা কখনো কখনো বা প্রায়ই অনিরাপদ বোধ করে।
সংকটে পরিবারের ওপরই বেশি ভরসা
ভয়, উদ্বেগ কিংবা বিষণ্নতার সময় সহায়তার জন্য পরিবারের সদস্যদের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করে শিশুরা। বাংলাদেশের জরিপে প্রায় ৯০ শতাংশ শিশু জানিয়েছে, সমস্যায় পড়লে তারা বাবা-মা, অভিভাবক কিংবা পরিবারের অন্য সদস্যদের কাছে যাবে।
এ ছাড়া প্রায় ৪০ শতাংশ শিশু শিক্ষক ও বিদ্যালয়ের কর্মীদের সহায়তার উৎস হিসেবে চিহ্নিত করেছে। একই হারে শিশু বিশ্বস্ত প্রতিবেশীদের কাছেও সহায়তা চাইতে পারে বলে জানিয়েছে। ধর্মীয় ও স্থানীয় কমিউনিটি নেতাদেরও শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বিদ্যালয়কে শুধু শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে নয়, শিশুদের সুরক্ষা, সামাজিক যোগাযোগ ও মানসিক সহায়তার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনার সুপারিশ করা হয়েছে। জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা, জরুরি পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালু রাখা এবং শিশুদের মানসিক সংকট চিহ্নিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে জলবায়ু শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের নিজ এলাকার পরিবেশগত সংকট সম্পর্কে সচেতন করা এবং জলবায়ু কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরির সুপারিশ করা হয়েছে। তবে জলবায়ু সংকট মোকাবিলার দায়িত্ব শিশুদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এ ক্ষেত্রে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রাপ্তবয়স্কদেরই নেতৃত্ব দিতে হবে।
২৭ দেশের ২ হাজার ৩৪৪ শিশুর মতামত
চাইল্ডফান্ড অ্যালায়েন্সের ওয়ার্ল্ড ইনডেক্স ২০২৬ তৈরিতে ২৭টি দেশের ২ হাজার ৩৪৪ শিশু ও কিশোর-কিশোরীর ওপর জরিপ চালানো হয়েছে। পাশাপাশি ২১টি দেশের ৮৩৪ শিশুকে নিয়ে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা-মানচিত্র তৈরির কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশে জরিপে অংশ নেয় ১০১ শিশু ও কিশোর-কিশোরী। এ ছাড়া দুটি কমিউনিটি সেফটি-ম্যাপিং সেশনে অংশ নেয় আরও ১৬ শিশু। অংশগ্রহণকারীদের বয়স ছিল ৮ থেকে ১৮ বছর। তাদের মধ্যে প্রায় ৭ শতাংশ প্রতিবন্ধিতার কথা জানিয়েছে।
এসব কার্যক্রমে শিশুরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এলাকার নিরাপদ ও অনিরাপদ স্থান চিহ্নিত করেছে। পরিবেশকে আরো নিরাপদ করতে বিভিন্ন প্রস্তাবও দিয়েছে তারা।
এডুকো বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে দেশে শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে ১২টি জেলায় ১৬টি জাতীয় বেসরকারি সংস্থার অংশীদারত্বে শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের অধিকার নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি।











































