Home আঞ্চলিক বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণ ২ বছর বন্ধ

বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণ ২ বছর বন্ধ

2



বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাট নার্সিং কলেজের নির্মাণকাজ প্রায় দুই বছর বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে কলেজটির একাডেমিক ভবন ও সুরক্ষিত সীমানাপ্রাচীর নির্মাণ। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে, তা নিয়েও সংশয় রয়েছে।

তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, সীমানা প্রাচীরের বাকি অংশের কাজ নতুন করে শুরু হয়েছে। আর একাডেমিক ভবনের বাকি কাজের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন।


সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজের একাডেমিক ভবনের মূল কাঠামো দাঁড়িয়ে থাকলেও চারপাশের দেয়াল, প্লাস্টার, বিদ্যুৎ সংযোগসহ ফিনিশিংয়ের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় ভবনটি রোদ-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানালার গ্রিলে মরিচা ধরে গিয়েছে। অন্যদিকে, সীমানাপ্রাচীর নির্মাণকাজও পুরোপুরি শেষ হয়নি।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ নভেম্বর দুটি ধাপে নার্সিং কলেজের নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় মেসার্স জিয়াউল ট্রেডার্স ও সোহেল কনস্ট্রাকশন। অন্যদিকে, সুরক্ষিত সীমানাপ্রাচীর নির্মাণের কাজ পায় মেসার্স এস আনিস অ্যান্ড সোহেল কনস্ট্রাকশন। ২০২৪ সালের জুন মাসে কাজটি কাজ বন্ধ হয়ে যায়। দুটি প্যাকেজের কাজ গড়ে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এরপর থেকে বাকি কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকে।

বাগেরহাট শহরতলীর মুনিগঞ্জ এলাকায় তিন একর জমির ওপর নার্সিং কলেজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৭ কোটি টাকা। তবে দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর বিষয়টিও অনিশ্চয়তায় রয়েছে। নার্সিং কলেজের দেখাশোনার দায়িত্বে থাকা বিপ্লব বলেন, ‘‘২০২৪ সালের জুন মাস থেকে কাজটি বন্ধ রয়েছে। আমরা এখানে ২-৩ জন আছি, এগুলো দেখাশোনা করি। কাজ কবে শুরু হবে, এগুলো আমরা কিছুই জানি না।’’

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ শুনু বলেন, দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে বাগেরহাট নার্সিং কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে কলেজটি চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে এই অঞ্চলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে অবদান রাখতে পারবে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ২০২৪ সালে অপারেশন প্লানের মেয়াদ শেষ হওয়ার কারণে কাজটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে দুটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে। সীমানা প্রাচীরের বাকি অংশের কাজ নতুন করে শুরু হয়েছে। আর একাডেমিক ভবনের বাকি কাজের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।