Home আলোচিত সংবাদ শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

2


ঢাকা অফিস।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংকে থাকা এক হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।


দুদক সচিব বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করেছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। ৭টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়া ৬টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।”

দুদক সচিব সাইদুর বলেন, “পূর্বাচলে ৬০ কাঠা জমি (যার দলিল মূল্য এক কোটি ৮০ লক্ষ টাকা), একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে যার দলিল মূল্য ১৫ কোটি ৩৩ লক্ষ ৮৬ হাজার ৮৮০ টাকা। এছাড়া ১৫৬টি ব্যাংকে এক হাজার ৪৫.২৫ কোটি টাকা জব্দ করা হয়েছে এবং ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। এর মধ্যে ৪ জনের নামে (শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ) রেড নোটিশ পাঠানো হয়েছে।”

দুদকের ব্রিফিংয়ে জানানো হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা করা হয়েছে পদের অপব্যবহারের অভিযোগে। এসব মামলার সাতটির অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার রায় হয়েছে। রায় হওয়া মামলাগুলো মূলত পূর্বাচল এলাকায় প্লট বরাদ্দসংক্রান্ত।

অন্যদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির বিষয়ে দুদক জানায়, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি ক্রোক করা হয়েছে। এসব জমির দলিলমূল্য এক কোটি ৮০ লাখ টাকা। এছাড়া একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ১৬ শতক জমি ক্রোক করা হয়েছে। ২০৪ দশমিক ১৬ শতক জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। স্থাবর সম্পত্তির পাশাপাশি ব্যাংকে থাকা অর্থসহ অস্থাবর সম্পদ জব্দের কথাও জানিয়েছে দুদক।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।