স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী ও এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহতরা হলেন—ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) এবং ভ্যানচালক মো. খালেক (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান শেখ ও মো. খালেক ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং ভ্যানচালক খালেকের বাম হাতে গুলি লাগে। গুলির পাশাপাশি দুর্বৃত্তদের হামলায় দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে সোলায়মান শেখের গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, প্রকাশ্যে গুলিবর্ষণের এই ঘটনায় আড়ংঘাটা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।










































