নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ক্যাম্পাস। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের তীব্র বিক্ষোভ ও অবরোধের মুখে অভিযুক্ত কর্মচারী দেবাশীষ কুমারকে পুলিশের হাতে সোপর্দ করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত দেবাশীষ কুমার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী ও কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘দেবা বোস’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টে শেখ হাসিনার একটি উদ্ধৃতি—‘গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরব’—যুক্ত করে তাঁর রাজনৈতিক জীবনের প্রশংসা করা হয়। এ ছাড়া পোস্টটির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও লেখা ছিল।
পোস্টটি মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের একটি সরকারি পদে থেকে এমন রাজনৈতিক ও উসকানিমূলক পোস্ট দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়ার সাথেই সাধারণ শিক্ষার্থী এবং খুকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা অভিযুক্ত কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিচ্যুতির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে জানান, “জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে বসে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে প্রকাশ্যে এমন পোস্ট দেওয়া চরম ধৃষ্টতা। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা কঠোরভাবে প্রতিহত করবে। আমরা অবিলম্বে তার স্থায়ী বহিষ্কার ও আইনি বিচার দাবি করছি।”
খুকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা এসব কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এদিকে, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। শিক্ষার্থীদের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত দেবাশীষ কুমারকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পুলিশের একটি দল ক্যাম্পাসে এসে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। তবে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা চলছে।










































