Home বিনোদন চরিত্র বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি নির্মাতার ইচ্ছাপূরণে পল্লবীর সিদ্ধান্ত

চরিত্র বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি নির্মাতার ইচ্ছাপূরণে পল্লবীর সিদ্ধান্ত

0

বিনোদন ডেস্ক।।

অভিনয়ের বিষয়ে সাই পল্লবীর চিন্তাধারা ভারতের অন্যান্য অভিনেত্রী থেকে একেবারে আলাদা। ছোট পোশাক কিংবা বোল্ড লুকে কখনও পর্দায় আসতে চাননি তিনি। যে কোনো ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছাও তাঁর নেই। তারপরও কখনও কাজের অভাব হয়নি দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর।

অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয় এমনভাবে জয় করেছেন যে, নির্মাতা বাধ্য হয়েছেন পল্লবীর প্রতিটি শর্ত মেনে অভিনয়ে চুক্তিবদ্ধ করতে। অবাক করা বিষয় হলো, পল্লবী নিজেই এবার চরিত্রে প্রয়োজনে নির্মাতাদের সঙ্গে সমঝোতা করলেন। ছেটে ফেললেন তাঁর দীঘল কালো চুল।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, রাজকুমার পেরিয়াসামির পরিচালিত ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’ সিনেমায় আইপিএস অফিসার নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এই চরিত্রটির জন্য বাস্তবের এক পুলিশ অফিসার মেরিন জোসেফের ছবি দেখিয়েছিলেন পরিচালক। তাঁর মতোই ছোট চুলের ‘লুক’ চেয়েছিলেন এই নির্মাতা। যদিও পর্দার লুক ও চরিত্রের পোশাক-পরিচ্ছদ নিয়ে বারবারই র্শত বেঁধে দেন পল্লবী, কিন্তু এবার তাঁর ব্যতিক্রম ঘটল।

চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি নির্মাতার ইচ্ছাপূরণে এবার নিজের দীঘল কালো চুল বিসর্জন নিয়ে বসলেন।

এ নিয়ে এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, চুল কাটার আগে তার মাকে কিছুই জানাননি। নতুন অবতারে এসে প্রথমেই ভিডিও কল করে মাকে দেখিয়েছিলেন। কিন্তু ছোট চুলে মেয়েকে দেখে হতবাক হয়ে যান তাঁর মা। কোনও কথা না বলেই আচমকা ফোন কেটে দেন তিনি। এরপর অভিনেত্রীর বাবার ফোন আসে। মেয়ের নতুন চেহারা দেখে তিনিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। বাবার প্রশ্ন ছিল, ‘তুমি কি পরচুলা পরেছ!’ তখন সাই তাঁকে বোঝান, সিনেমার চরিত্রের প্রয়োজনেই তিনি চুল কেটেছেন।

অভিনেত্রীর কথায়, ‘সাধারণত আমি চুল কাটতে চাই না। কিন্তু পরিচালকের এই চরিত্রের জন্য এমন ‘লুক’ প্রয়োজন ছিল। তাই চুল কেটেছি।’ অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে সাইয়ের সঙ্গে অভিনয় করেছেন ধানুষ, মামুট্টি এবং শ্রীলীলা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি।

এদিকে, ‘রামায়াণা’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করে এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছেন সাই পল্লবী। শুরুতে এই সিনেমায় তাঁর অভিনয় নিয়ে নেট দুনিয়ায় নানারকম নেতিবাচক কথা শোনা গিয়েছিল। সীতার চরিত্রে পল্লবীকে বেমানন– এমন মন্তব্য করেছিলেন অনেকে। কিন্তু সিনেমা মুক্তির পর পল্লবীর সমালোচনা পুরোপুরি থেমে গেছে। উল্টো ‘রামায়াণা’র পাশাপাশি অভিনেত্রীর প্রশংসায়ও মেতেছেন অনেকে।