Home আঞ্চলিক ডুমুরিয়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব: ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আবেদন

ডুমুরিয়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব: ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আবেদন

11

স্টাফ রি‌পোর্টার।।


খুলনার ডুমুরিয়ায় অবৈধ দখল পুনরুদ্ধারের একটি মামলা নির্ধারিত ৯০ দিনের বেশি সময় ধরে নিষ্পত্তি না করায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও মামলাটি অন্য আদালতে হস্তান্তরের আবেদন করা হয়েছে। গত ১৫ নভেম্বর খুলনা বিভাগীয় কমিশনার বরাবর এই লিখিত অভিযোগ দায়ের করেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার বাসিন্দা সরদার সেলিম হোসেন।


​অভিযোগ সূত্রে জানা যায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ দখল পুনরুদ্ধারের জন্য সরদার সেলিম হোসেন গত ৫ জুলাই খুলনা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৬ আগস্ট মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানো হয়, যা ১৩ আগস্ট সেখানে পৌঁছায়।


​আবেদনকারীর অভিযোগ, মামলাটি গ্রহণের পর তিনি বারবার ইউএনও’র সাথে যোগাযোগ করলে ন্যায়বিচার ও নোটিশ জারির আশ্বাস দেওয়া হয়। এমনকি অফিস সহকারীর পক্ষ থেকে নোটিশ প্রস্তুত করে ইউএনও’র টেবিলে পাঠানোর কথা জানানো হলেও দীর্ঘ তিন মাসেও তাতে স্বাক্ষর করা হয়নি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, দখলদারগণ বিষয়টি জানতে পেরে যোগাযোগ করার পর থেকেই মামলার কার্যক্রমে রহস্যজনকভাবে স্থবিরতা সৃষ্টি হয়েছে।


​গত ১৩ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ৯৩ দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৮(৪) ও ৮(৬) ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কর্তব্য পালনে অবহেলার শামিল বলে আবেদনে দাবি করা হয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগী সরদার সেলিম হোসেন বিষয়টি তদন্তপূর্বক ডুমুরিয়া ইউএনও’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের স্বার্থে মামলাটি অন্য কোনো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তরের দাবি জানিয়েছেন।

অভিযোগের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং খুলনা জেলা প্রশাসক বরাবরও পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স‌বিতা সরকা‌রের যান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, মামলা‌টির শুনা‌নির জন‌্য এজলাস না থাকায় জেলা প্রশাসক কার্যাল‌য়ে মতাম‌তের জন‌্য আ‌বেদন পাঠা‌নো হ‌য়ে‌ছে। জেলা প্রশাসন থে‌কে মামলাটির পরব‌র্তি কার্যক্রমের নি‌র্দেশনা পে‌লেই শুনানী অনু‌ষ্ঠিত হ‌বে।