মিলি রহমান।।
ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে খেজুর অন্যতম। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার থাকে। আর প্রতিটি খেজুরে ফাইবারের পরিমাণ প্রায় ১.৬ গ্রাম। এ উপাদান আমাদের হজমশক্তি বাড়াতে, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। অনেকক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে ফাইবার।
প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদের হওয়ায় এ ফলটি সবাই খেতে পারেন না। ডায়াবেটিস বা অন্যান্য কারণে যারা খেজুর খেতে পারেন না, তারা অন্যান্য খাবার থেকে এ উপাদানটি গ্রহণ করতে পারেন। বিশেষ করে মসুর ডাল, অ্যাভোকাডো ও চিয়া সিডের মতো খাবারে খেজুরের চেয়েও বেশি পরিমাণে ফাইবার পাওয়া যায়।
খেজুরের চেয়েও বেশি ফাইবারযুক্ত খাবার
মসুর ডাল
এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার থাকে, যা একটি খেজুরের তুলনায় পাঁচ গুণ বেশি। এছাড়া এগুলো প্রোটিন, ফোলেট এবং আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো খনিজে ভরপুর। পুষ্টির মাত্রা বাড়াতে আপনি স্ট্যু, সুপ ও সালাদে মসুর ডাল যোগ করতে পারেন। আবার চাইলে নিরামিষ পদে মসুর ডাল যোগ করতে পারেন।
অ্যাভোকাডো
অ্যাভোকাডো হলো মাখনের মতো মসৃণ ও ক্রিমি ফল। এতে রয়েছে ফাইবার এবং মনোআনস্যাচুরেটেড ফ্যাট বা স্বাস্থ্যকর চর্বি। মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃৎপিণ্ডের জন্য উপকারী। একটি আস্ত অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার থাকে, যার মধ্যে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় প্রকার ফাইবারই রয়েছে। এগুলো হজমে সহায়তা করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং পেট ভরা রাখতে সাহায্য করে। ফাইবারের পাশাপাশি অ্যাভোকাডোতে পটাশিয়াম, ফোলেট এবং প্রোটিনও রয়েছে।
চিয়া সিড
চিয়া সিডে দ্রবণীয় ফাইবার থাকে। এটি হজম প্রক্রিয়া ধীর করে, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। অনেকক্ষণ পেট ভরা রাখতেও সহায়তা করে এটি। ছোট আকৃতির হওয়া সত্ত্বেও মাত্র দুই টেবিল চামচ চিয়া সিড থেকে দৈনিক চাহিদার ২০ শতাংশ পূরণ করা সম্ভব। এছাড়া চিয়া সিড স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ খাবার।
দই, ওটমিলের সাথে এটি খেতে পারেন। সারারাত দুধে ভিজিয়ে রেখে চিয়া পুডিং তৈরি করতে পারেন। ফাইবার বাড়াতে আপনি প্যানকেকের ব্যাটার বা মাফিনের মতো বেক করা খাবারেও চিয়া সিড মিশিয়ে নিতে পারেন।
নাশপাতি
খেজুরের চেয়ে বেশি ফাইবার পেতে নাশপাতি খেতে পারেন। তবে খেতে হবে খোসাসহ নাশপাতি। কারণ এর বেশিরভাগ ফাইবারই খোসায় থাকে। নাশপাতির খোসায় পেকটিন নামক এক প্রকার দ্রবণীয় ফাইবার থাকে, যা হজম ভালো রাখে। পাশাপাশি হৃৎপিণ্ডের কার্যকারিতাকে সক্রিয় করতে সহায়তা করে।











































