Home আঞ্চলিক ঝিনাইদহে ইটের আঘাতে গৃহবধূ নিহত, সাবেক স্বামী আটক

ঝিনাইদহে ইটের আঘাতে গৃহবধূ নিহত, সাবেক স্বামী আটক

0


ঝিনাইদহ প্রতিনিধি।।


ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক স্বামী এনানুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাবুর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন কাঞ্চন নগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই রাতুল হোসেন বলেন, আমার বোনের সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামে (৬) এক সন্তান রয়েছে। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পরও আমার বোনের সাবেক স্বামী মিরাজ প্রায়ই আমাদের এলাকায় আসা-যাওয়া করত।


তিনি বলেন, বুধবার সকালে আমার বোন তার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। সে সময় বাড়ির সামনে মিরাজ সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন সুমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।’