মিলি রহমান।।
শরীরচর্চা কেবল শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। তার মতে, নিয়মিত ব্যায়াম ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন মানুষকে নিজের প্রতি আরো আত্মবিশ্বাসী করে তুলতে পারে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিটনেস নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন দিশা। তিনি জানান, শরীরচর্চা তাকে মানসিকভাবে স্থির থাকতে এবং নিজের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করে। তার কাছে ফিটনেস মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং সুস্থ ও ইতিবাচক জীবনযাপন।
দিশার শরীরচর্চার তালিকায় রয়েছে ওয়েট ট্রেনিং, মার্শাল আর্টস বা এমএমএ এবং নাচ। বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে নিজেকে সক্রিয় রাখেন তিনি। এর আগে টাটা প্লে ফিটনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিশা বলেছিলেন, নিজেকে আরো শক্তিশালী করে তোলার পাশাপাশি নতুন নতুন দক্ষতা শেখার আগ্রহও তৈরি হয় শরীরচর্চার মাধ্যমে।
অভিনয়ের প্রয়োজনে কঠিন অ্যাকশন দৃশ্যে কাজ করতে হয় দিশাকে। নিয়মিত প্রশিক্ষণ এসব দৃশ্যের জন্য তাকে প্রস্তুত হতে সাহায্য করে। তবে তার কাছে ব্যায়ামের গুরুত্ব শুধু শারীরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। শরীরচর্চা তাকে কর্মোদ্যমী ও মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করে।
বলিউডে এক দশক পার করেছেন দিশা। ২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
এরপর ‘বাঘি ২’, ‘মালাং’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সময়ের সঙ্গে নিজের কাজের সিদ্ধান্ত ও পছন্দের বিষয়ে আরো আত্মবিশ্বাসী হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
ফিটনেসের পাশাপাশি পোশাকের ক্ষেত্রেও নিজের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন দিশা। এলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রচলিত ট্রেন্ড অনুসরণের চেয়ে যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটিই বেছে নিতে পছন্দ করেন।
সম্প্রতি আন্তর্জাতিক সিনেমাতেও যুক্ত হয়েছেন দিশা। কেভিন স্পেসির ‘হলিগার্ডস সাগা: দ্য পোর্টাল অব ফোর্স’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।











































