Home Lead কালিয়ায় বিএনপির মিছিলে অতর্কিত হামলা : নিহত ২, আহত বহু

কালিয়ায় বিএনপির মিছিলে অতর্কিত হামলা : নিহত ২, আহত বহু

1

স্টাফ রিপোর্টার।।

কালিয়া (নড়াইল) প্রতিনিধি।।

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ঘটে যাওয়া এই সহিংস ঘটনায় দুই বিএনপি নেতা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। মিছিলটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিন থেকে চার শতাধিক দুর্বৃত্ত বহরটির ওপর অতর্কিত আক্রমণ চালায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের বেধড়ক মারধর করে এবং ঘটনাস্থলেই বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় গুরুতর আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখকে (৩৫) দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হয়।

কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে গুরুতর আহত সোহেল শেখের মৃত্যু হয়। এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কৃষক দল নেতা শাহীনও মারা গেছেন।

এদিকে, ঘটনার সার্বিক পরিস্থিতি ও আইনগত পদক্ষেপের বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ ব্যস্ত পাওয়ায় তাঁদের আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।