Home আঞ্চলিক কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

5

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের কেশবপুর উপজেলার ১১নাম্বার হাসানুর ইউনিয়নের মোমিনপুর-দেলঘাটা বিলের একটি মৎস্য ঘের থেকে আনসার গাজী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। নিহত আনসার গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

ঘের মালিকের সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা বেতনে দিনমজুর হিসেবে আনসার গাজীকে কাজে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকেলে তিনি ঘেরের ভেতরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘেরের মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে রাতে তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। একপর্যায়ে বুধবার সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতের স্ত্রী জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করতে কেশবপুরে এসেছিলেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘেরের পানি থেকে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ছাড়া সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সিআইডি পরিদর্শক মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।