স্পোর্টস ডেস্ক।।
জোহানেসবার্গ টেস্টে সময়টা ভালো যাচ্ছে না ইবাদত হোসেনের। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬০ রান খরচায় পেয়েছেন একটিমাত্র উইকেট।
এর মধ্যে আচরণবিধি ভেঙে শাস্তিও পেলেন ইবাদত। দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবাইর হামজার শরীর লক্ষ্য করে বল ছুড়ে মারায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
আজ ম্যাচের চতুর্থ দিন চা বিরতির আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবাদতের শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। আচরণবিধির লেভেল ১ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছিল গত সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে ইবাদতের ফুল লেংথ ডেলিভারি সোজা ব্যাটে খেলেন হামজা। ফলো থ্রুতে বলটি হাতে পেয়েই হামজার শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন ইবাদত। তবে হামজা আগেই সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি।
সঙ্গে সঙ্গে ইবাদতকে থামিয়ে দেন মাঠের আম্পায়ার। এ সময় হাতের ইশারায় ইবাদত বোঝানোর চেষ্টা করেন, হামজা ক্রিজের বাইরে বেরিয়ে এসেছিলেন। তবে তার এমন আচরণকে ভালোভাবে নেননি আম্পায়াররা।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো খুমার অভিযোগের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ইবাদত নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানের পাহাড় গড়েছে। লিড নিয়েছে ১৫৭ রানের। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৮৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে দরকার আরো ৭০ রান।











































