Home আন্তর্জাতিক ‘বেঁচে ফিরব কি না জানি না’, উদ্বেগে ইমরান

‘বেঁচে ফিরব কি না জানি না’, উদ্বেগে ইমরান

3

আন্তর্জাতিক ডেস্ক।।

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’-এমন আশঙ্কার কথা জানিয়ে কারাগারে জরুরি চিকিৎসার আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দাবি করে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা একটি চিঠিতে ইমরান খান এসব অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেছেন।

চিঠিতে তিনি লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এভাবে টানা কারাবন্দি জীবন আমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’

তবে পাকিস্তানের কর্তৃপক্ষ ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের বিষয়টি নাকচ করেছে। ইসলামাবাদের কর্মকর্তাদের দাবি, প্রতি সপ্তাহে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন এবং তার শারীরিক অবস্থা সন্তোষজনক। ইমরান খানের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা রয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি। পরবর্তী সময়ে তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ইমরান খানের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে।

কারাগারে থাকার সময় থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। সর্বশেষ চিঠিতে তিনি জানান, চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। তার হৃদ্‌যন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায়। পরে গোপনে তার অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না করালে বুশরা দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে বিচারব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, অসংখ্য মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও ন্যায়বিচার পাচ্ছেন না। তার ভাষায়, ‘আমি কখনো আইনি লড়াই থেকে সরে আসিনি। কিন্তু বিচারব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’

কারাগারে নিজের বন্দিজীবন নিয়েও অভিযোগ করেছেন ইমরান খান। তার দাবি, প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত তাকে একা একটি কক্ষে রাখা হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগ দেওয়া হয় না। এতে তার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে।

এ ছাড়া গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। ইমরান লিখেছেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’

তবে ইমরানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার দাবি, কারাগারে ইমরান খানকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি নিজের পছন্দের খাবারও পাচ্ছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘বর্তমানে পাকিস্তানের কারাগারে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি হলেন তিনি।’

এদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তারের পর তার সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। লাহোরে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। বাড়ি থেকে আসবাবপত্র, ছবি, ঝাড়বাতি এমনকি ময়ূরও নিয়ে যান বিক্ষোভকারীরা। এসব সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো রয়েছে। গত অক্টোবরের শুরুতে তার হাজার হাজার সমর্থক কয়েক দিন ধরে পদযাত্রা করেন। তাদের প্রধান দাবি ছিল, ইমরান খানকে মুক্তি দিতে হবে। পরে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তানের কর্তৃপক্ষ। ইমরানের দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে, গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাবেক কয়েকজন অধিনায়ক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, ইমরান খানকে যেন যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়।

———————————————————————————————————

সূত্র: দ্য টাইমস, বিবিসি