Home খেলাধুলা হাসানের দুর্দশা বুঝবে কবে বিসিবি?

হাসানের দুর্দশা বুঝবে কবে বিসিবি?

3

স্পোর্টস ডেস্ক।।

জোহানেসবার্গের বাইশ গজে বল হাতে দৌড়াচ্ছেন বটে, কিন্তু প্রতিটি ডেলিভারির পর অবচেতন মনেই হাতটা চলে যাচ্ছে ডান কনুইয়ে। মুখের রেখায় ফুটে উঠছে চাপা আর্তনাদ। সেই মে মাসে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ যে ব্যথার কারণে মিস করেছিলেন তিনি, সেই পুরোনো ‘টেনিস এলবো’র ব্যথাটা যেন ছায়ার মতো পিছু নিয়েছে পেসার হাসান মাহমুদের। সিলেট হয়ে সুদূর জোহানেসবার্গ– মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, শুধু বদলায়নি হাসানের এই নীরব যন্ত্রণা।

গত তিন মাসে টানা ছয়টি টেস্ট, এর মাঝেই আবার কেন্টের হয়ে কাউন্টির ধকল– একজন পেসারের শরীর ঠিক কতটা সইতে পারে? চার বোলারের একাদশে এবাদতের ওপর অধিনায়ক শান্তর অনাস্থা যেন বোলিংয়ের সব বোঝা একাই চাপিয়ে দিয়েছে হাসানের কাঁধে। আগের দিন ফিল্ডিংয়ে মাথায় আঘাত, গতকাল রিটার্ন ক্যাচ নিতে গিয়ে ফের হাতে চোট–তবুও থামানো হচ্ছে না তাঁকে। নাহিদ রানাকে যেভাবে জিম্বাবুয়ের মতো সাদামাটা সিরিজে খেলিয়ে চোটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, হাসানের ক্ষেত্রেও কি একই আত্মঘাতী চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে? তা না হলে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে কি তাঁকে একটু বিশ্রাম দেওয়া যেত না? প্রশ্নটা এখন অনিবার্য– টিম ম্যানেজমেন্ট কি তবে বোকাদের মতো সোনার ডিম পাড়া হাঁসের পেটই কেটে ফেলতে বসেছে?

গত ছয়টি টেস্টে তাঁর বোলিংয়ের গ্রাফটা রীতিমতো ঈর্ষণীয়। নতুন বলে সুইং আর পুরোনো বলে রিভার্স সুইংয়ের দারুণ মিশেলে প্রতিপক্ষের টপ অর্ডারকে বারবার ধসিয়ে দিয়েছেন। হাসানের সবচেয়ে বড় শক্তি নিখুঁত সিম পজিশন এবং ডেলিভারির মুহূর্তে কবজির চমৎকার ব্যবহার। অফ-স্টাম্পের ঠিক বাইরের চ্যানেল ধরে একটানা বল করে যাওয়ার যে শৃঙ্খলা তিনি দেখিয়েছেন, তা বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে বিরল। গতি কিছুটা কমলেও সঠিক লেংথ আর ইন-সুইংয়ের কারিকুরিতে উইকেট তুলে নেওয়ার সহজাত ক্ষমতা তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে। কিন্তু টেনিস এলবোর এই তীব্র ব্যথা সরাসরি আঘাত হানছে তাঁর রিলিজ পয়েন্ট এবং কবজির মোচড়ে, যা দীর্ঘমেয়াদে তাঁর চিরচেনা সেই সুইং আর নিয়ন্ত্রণকে কেড়ে নেওয়ার অশনিসংকেত দিচ্ছে।

এই টেস্টে হাসানের উইকেট শিকারের মূল অস্ত্র ছিল তাঁর নিখুঁত ‘ফুলার লেংথ’ এবং অফ-স্টাম্পের বাইরের চ্যানেলে বল ফেলে দেরিতে মুভমেন্ট করানোর কৌশল। দ্বিতীয় দিনে তিনি যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন, তার প্রতিটিতেই দেখা গেছে তিনি ব্যাটারকে সামনের পায়ে খেলতে প্রলুব্ধ করেছেন। বাতাসে হালকা সুইং এবং পিচে পড়ে সামান্য সিম মুভমেন্টে ব্যাটারদের ড্রাইভ বা ডিফেন্স করতে বাধ্য করে তিনি ব্যাটের বাইরের কানা আদায় করে নিয়েছেন। গতকাল সকালে কনুইয়ের তীব্র ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর ভারী স্ট্র্যাপিং নিয়ে ফিরে এসে সাইমন হারমারকেও একই ফাঁদে ফেলেন তিনি; অফ-স্টাম্পের বাইরে পিচ করা একটি ফুলার ডেলিভারিতে হারমার ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি হন।

আর ঠিক এই জায়গাটিতেই তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের চেয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন হাসান। তাসকিন-এবাদত যেখানে পিচ থেকে বাড়তি বাউন্স আদায়ের চেষ্টা করেন, হাসান সেখানে উইকেটের কাছাকাছি বল পিচ করিয়ে সিমের কারিকুরিতে ব্যাটারদের ফ্রন্টফুটে টেনে এনে ভুল করতে বাধ্য করেন। আর এই উইকেট শিকারের নেশাই বুঝি তাঁকে বারবার মাঠে চ্যালেঞ্জ নিতে প্রলুব্ধ করছে। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই, আবুধাবি থেকে ডারউইন– বিদেশের মাঠে পাঁচ উইকেট পাওয়াটাই যেন তাঁর শরীরের সব যন্ত্রণা ভুলিয়ে দিতে চাইছে। কিন্তু বিসিবি তো তাঁর অভিভাবক, তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা করার দায়িত্বটা সেখান থেকেই নিতে হবে।