বিনোদন ডেস্ক।।
বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন শাহরুখ খান। বিশ্বের সর্বকালের সেরা ১০০ সিনেমার তারকার তালিকায় জায়গা পেয়েছেন এই অভিনেতা। আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় ৯২ নম্বরে রয়েছেন তিনি। তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতাও শাহরুখ। পেছনে ফেলেছেন জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও জেন্ডায়ার মতো হলিউড তারকাদের।
সম্প্রতি ‘১০০ গ্রেটেস্ট মুভি স্টারস অব অল টাইম’ শিরোনামে তালিকাটি প্রকাশ করেছে ‘ভ্যারাইটি’। চার দশকের অভিনয়জীবন, পর্দায় উপস্থিতি এবং দর্শকদের মধ্যে দীর্ঘদিনের জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই এই তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ।
তালিকায় শাহরুখের ঠিক পরেই ৯৩ নম্বরে রয়েছেন ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এমা স্টোন আছেন ৯৪ নম্বরে, আর জেন্ডায়ার অবস্থান ৯৮। তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন।
শাহরুখকে তালিকায় জায়গা দেওয়ার কারণ হিসেবে ‘ভ্যারাইটি’ উল্লেখ করেছে তার দীর্ঘ অভিনয়জীবন ও পর্দায় স্বতন্ত্র উপস্থিতির কথা। চার দশকের বেশি সময়ে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের ধরন, পর্দায় বড় মাপের উপস্থিতি, নাটকীয়তা এবং নিজের সম্পর্কে রসিকতা করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
শাহরুখের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে সাময়িকীটি বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাকে। ২০০২ সালে মুক্তি পাওয়া ছবিটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত। আরও অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও কিরণ খের। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি।
তালিকার প্রথম দশে রয়েছেন মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ আরও অনেকে। আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি নতুন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই অভিনেতা।










































