Home আন্তর্জাতিক নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

0

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করা নিয়ে এখন নিজেকে ‘বেশ বোকা’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের বড় ধরনের পরাজয়ের পর তিনি এ মন্তব্য করেন।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করেও তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, তার অর্থায়ন না থাকলে রিপাবলিকান প্রার্থীদের ফলাফল আরও খারাপ হতে পারত। তবে এবারের নির্বাচনের ফলাফল দেখিয়েছে, শুধু নির্বাচনি প্রচারে অর্থ ব্যয় করলেই জয় নিশ্চিত করা যায় না।

মাস্ক বলেন, ‘সময়টা যদি আবার ফিরিয়ে নিতে পারতাম, তাহলে সম্ভবত কম অর্থ ব্যয় করতাম।’

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে এবং টেক্সাসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ধরে রাখতে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং এই দুই প্রতিষ্ঠানের যৌথ পরিকল্পিত চিপ উৎপাদন প্রকল্পের কেন্দ্রস্থল টেক্সাস।

নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এ ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্ক।

মাস্কের সবচেয়ে বেশি মনোযোগ ছিল টেক্সাসের সিনেট নির্বাচন ঘিরে। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকে নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টাও করেছেন মাস্ক।

তিনি বলেন, ‘আমি মাগা সমর্থক নই।’ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনকে সংক্ষেপে মাগা বলা হয়।

মাস্ক আরও বলেন, ‘এর অর্থ যদি রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্য হয়, তাহলে নিশ্চিতভাবেই আমি তা করি না।’

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এর আগে মাস্ক নিজেকে মাগা সমর্থক, এমনকি ‘ডার্ক গথিক মাগা’ বলেও পরিচয় দিয়েছেন।

মাস্ক বলেন, ‘উভয় দলেই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে।’ নিজের নির্বাচনি প্রচেষ্টার ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘যাই হোক, স্পষ্টতই আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

টেক্সাসে জিনা হিনোজোসার অধীনে নীতিনির্ধারণী কার্যক্রম ‘ভালোই থাকবে’ বলে মনে করেন মাস্ক। হিনোজোসাকে তিনি ‘বেশ মধ্যপন্থি’ এবং ‘চরম বামপন্থি নন’ বলে অভিহিত করেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হিনোজোসা টেক্সাসে নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে মাস্ক বলেন, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখার ‘খুবই সম্ভাবনা’ রয়েছে। প্রতিষ্ঠানটি এ সক্ষমতা আরও উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে চায়।

রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছে অতিরিক্ত ১০ গিগাওয়াট সক্ষমতা চাইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটাই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি বলে মন্তব্য করেছেন মাস্ক।

———————————————————————————————————

সূত্র: আল জাজিরা