Home খেলাধুলা ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের দাবি

ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের দাবি

0

স্পোর্টস ডেস্ক।।

কলকাতা থেকে একজন সাংবাদিক ঢাকায় এসেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে। পুরো ভারত থেকে আর কোনো সাংবাদিক ঢাকায় আসেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এবারের সাফে ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়েছে। তার কাছে কখনোই ফেভারিট ছিল না ভারত। কিন্তু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো শিরোপা জিতেছে ‘বি’ দল নিয়ে আসা ভারত।

ম্যাচ শেষে ওই সাংবাদিক নিজেও অবাক হয়েছেন। হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী ফুটবলার থাকায় বাংলাদেশকেই শিরোপার সম্ভাব্য দাবিদার মনে করেছিলেন তিনি। নিজ আঙিনায় সাফ, স্বাগতিক দর্শক, ১২ প্রবাসী ফুটবলার নিয়েও থমাস ডুলির দল বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। অথচ মাত্র ১৭ ফুটবলার নিয়ে পুরো টুর্নামেন্ট খেলা ভারত ঠিকই সাফের হ্যাটট্রিক শিরোপা জিতেছে।

উঁচু মানের প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গড়লেও সাফল্য পায়নি বাংলাদেশ। অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে যতটা না আলোকিত হওয়ার চেষ্টা করে, দেশের ঘরোয়া ফুটবলের মান যাচ্ছেতাই। নিম্ন মানের মাঠ এবং জোড়াতালি দিয়ে ঘরোয়া লিগ চালু করে আসছে বাফুফে। তাই তো ঘরোয়া আসর থেকে সেভাবে ভালো মানের ফুটবলার ওঠে আসছে না। বিপরীতে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের ঘরোয়া লিগের মান উঁচুতে। সাফ খেলা তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ছিল পরিণত এবং পরিপক্ব। এসব কারণেই ভারত দ্বিতীয় সারির দল নিয়ে শিরোপা জিতেছে।

ভারতের একটার পর একটা জাতীয় দল প্রস্তুত আছে বলেই তারা সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, ‘ভারতের সঙ্গে তুলনা করলে হবে না তো। তাদের ফুটবল কালচার অনেক শক্তিশালী। আপনি বলেছেন তারা বি দল পাঠিয়েছে। আসলে সেটা নয়, তাদের জাতীয় দলটা অনেক গভীর। একটার পর একটা দল প্রস্তুত আছে। তাদের পাইপলাইন অনেক শক্তিশালী। আমাদের ফুটবলাটা সিস্টেম ছাড়া চলছে। একটা টুর্নামেন্ট এলে আমাদের এমন অবস্থায় হয়ে যায় যেন চ্যাম্পিয়ন হয়ে যাব। আপনি দেখেন হামজার মানের ফুটবলার কতজন আছে। আমাদের ঘরোয়া ফুটবলের মান নিম্ন। ভারতের বেশির ভাগ ফুটবলার খেলেন আইএসএলে। সেই প্রতিযোগিতার মান তো অনেক ওপরে।’

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা দলে ১৯, বাংলাদেশ দলে ১২ এবং পাকিস্তান দলে ছিল ৯ প্রবাসী। সেখানে ভারত স্থানীয় খেলোয়াড়দের নিয়েই বাজিমাত করেছে। কেবল স্থানীয় নয়, ভারতের এই দলের অধিকাংশ খেলোয়াড় যুবদলের। নওশাদ মুসা নিজেও যুবদলের কোচ। খালিদ জামিল সিনিয়রদের নিয়ে নিউজিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কারণে তরুণদের নিয়ে সাফ খেলতে ঢাকায় আসেন মুসা। শিরোপা ধরে রাখার কাজটি তিনি করেছেন পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে।

দক্ষিণ এশিয়ার অনেক দেশের প্রবাসী খেলোয়াড়ের দিকে ঝুঁকে পড়া নিয়ে নিজের ভাবনা জানান মুসা, ‘দেখুন, আমার মনে হয়, এটা খারাপ কিছু না। সব দেশই এটা করছে। এটি খারাপ কিছু নয়। আমাদের জয়, যা আমাকে ভারতে ফুটবল প্রসারেও সাহায্য করবে। তারা তরুণদের ওপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে এবং আমরা আরও বেশি অর্থ বিনিয়োগ করতে শুরু করব।’