মিলি রহমান।।
স্বাস্থ্য সচেতনতা থেকে আজকাল অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় গ্রিন টি রাখেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। তবে এর সাথে যদি কয়েক ফোঁটা লেবু মেশানো হয় তাহলে শরীর বাড়তি উপকার পায়। সাম্প্রতিক পুষ্টিবিজ্ঞান গবেষণা বলছে, শুধু গ্রিন টি খাওয়ার চেয়ে লেবু মিশিয়ে খেলে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণ অনেকটাই বেড়ে যায়।
‘টিভি নাইনে’র এক প্রতিবেদন বলছে, গ্রিন টি-তে ক্যাটেচিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ক্যাটেচিন হলো চায়ে পাওয়া এক ধরনের যৌগ, যা অ্যান্টিঅক্সিডেন্টকে শক্তিশালী করে। অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ক্ষতিকর মুক্ত কণার হাত থেকে রক্ষা করে এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে। এতে বার্ধক্যের প্রক্রিয়াও ধীর হতে পারে। এই উপাদান শরীরের কোষকে রক্ষা করে, বার্ধক্যের গতি ধীর করে এবং ফ্রি র্যাডিক্যাল ক্ষতি কমায়। শরীর সব সময় এই ক্যাটেচিন পুরোপুরি শোষণ করতে পারে না। লেবু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি লেবুতে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি-এর প্রায় চৌত্রিশ শতাংশ থাকে। এই ভিটামিন শরীরের বৃদ্ধি ও টিস্যুর মেরামতে সাহায্য করে। যদিও আরও অনেক ফলে ভিটামিন সি থাকে, কিন্তু লেবু গ্রিন টি-র ক্যাটেচিন নামের উপাদানকে সংরক্ষণ করতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্টকে স্থিতিশীল রাখে। ফলে পাকস্থলীতে গিয়ে তা ভেঙে না গিয়ে রক্তে সহজে মিশতে পারে। গবেষণায় দেখা গেছে, লেবু মেশালে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায়।
গ্রিন টি-তে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের চর্বি পোড়াতে সাহায্য করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। গবেষণায় দেখা গেছে, লেবুর রস গ্রিন টি-র ক্যাটেচিন সংরক্ষণে সবচেয়ে কার্যকর। লেবু থেকে প্রায় ত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি যোগ হয়, যার ফলে প্রায় আশি শতাংশ ক্যাটেচিন অটুট থাকে।
লেবু হজমশক্তি বাড়ায় এবং লিভারের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে। ফলে শরীর দ্রুত টক্সিন বের করে দিতে পারে। সকালে খালি পেটে লেবু মেশানো গ্রিন টি পান করলে অনেকেই হালকা অনুভব করেন—এটা কেবল মানসিক নয়, বৈজ্ঞানিকভাবেও যুক্তিযুক্ত। অ্যান্টিঅক্সিডেন্টের বাড়তি শোষণ মানে ত্বকের কোষ রক্ষা পায়। ফলে ত্বকে উজ্জ্বলতা আসে, ব্রণ কমতে পারে এবং বার্ধক্যের লক্ষণ ধীর হয়। লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে—যা ত্বক টানটান রাখে। এছাড়া, লেবু মেশানো গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।
লেবুর ভিটামিন সি এবং গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে শরীরকে শক্তিশালী করে। জীবাণু আক্রমণ করলে শরীর সহজে তা মোকাবিলা করতে পারে। গ্রিন টি ও লেবু হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক বলে পরিচিত। লেবুতে লিমোনিন নামের এক বিশেষ তেল থাকে, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। গ্রিন টি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ধমনী পরিষ্কার রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদযন্ত্রের উপর চাপ কম পড়ে। লেবু লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, লেবুর রস ক্ষতিগ্রস্ত লিভারের উপকার করতে পারে। গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট লিভার কোষের ক্ষতি কমায়।










































