Home খেলাধুলা ১৬৮ রানে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট ১২

১৬৮ রানে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট ১২

0

স্পোর্টস ডেস্ক।।

ইনিংস হার এড়ানোর স্বস্তি বেশিক্ষণ টেকেনি। জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনে সাইমন হার্মারের স্পিনে ধসে গেছে বাংলাদেশের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ১৫৭ রানের ব্যবধান ঘুচিয়ে লিড পেয়েছে মাত্র ১১ রানের। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১২ রান।

দিনের শুরুতে ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। প্রথম সেশনেই রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন সেঞ্চুরিয়ান লিটন দাস। এরপর দায়িত্ব পড়ে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ওপর। প্রথম ইনিংসের লিড পেরিয়ে যাওয়ায় বাংলাদেশের ইনিংস হারের শঙ্কা কেটে যায়।

১৬০ রানে মুশফিককে ফেরান হার্মার। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। আল্ট্রাএজে স্পাইক ধরা পড়লে সাজঘরে ফিরতে হয় মুশফিককে। ৬২ বলে চারটি চারে তিনি করেন ২২ রান। এরপর ফেরেন মিরাজও। কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি তিনি। হার্মারের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন। ততক্ষণে এতটাই এগিয়ে গিয়েছিলেন যে ক্রিজে ফেরার সুযোগ ছিল না। বল গ্লাভসে জমিয়ে বেল ফেলে দেন উইকেটরক্ষক রায়ান রিকেলটন। ৩১ বলে দুটি চারে ১৫ রান করে থামেন মিরাজ।

এরপর হার্মারের বলে ক্যাচ দেন হাসান মাহমুদ। বদলি ফিল্ডার করবিন বশ নিরাপদে ক্যাচটি তালুবন্দি করেন। ২০ বলে ৪ রান করেন হাসান। এই উইকেটেই ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়েন হার্মার। এরপর ক্রিজে আসা এবাদত হোসেন প্রথম বলেই মাথিউ ব্রিটজকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন। হার্মারের শিকার আরও একটি। তাসকিন আহমেদ দুই রানে অপরাজিত থেকে যান। এখন ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের হয়ে একাই ৬ উইকেট নেন সাইমন হার্মার। ৩টি নেন রাবাদা ও একটি নেন জানসেন।

লিটনের স্টাম্প উড়িয়ে দিলেন রাবাদা

জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনে জয়ের কথা ভুলে এখন ম‍্যাচ বাঁচাতে লড়তে হচ্ছে সফরকারীদের। সর্বশেষ লিটনকে বোল্ড করে বাংলাদেশকে আরও চাপে ফেলেছেন কাগিসো রাবাদা। ৩৯ রান করে সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ৩৮ বলের ইনিংসে ৬টি চার মেরেছিলেন লিটন। রাবাদার গতিময় বল ড্রাইভ করতে গিয়েছিলেন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল আছড়ে পড়ে স্টাম্পে। এর আগের বলেই লিটনের কাছে বাউন্ডারি হজম করেছিলেন রাবাদা। এই উইকেটের মাধ্যমে ম্যাচে তার শিকার দাঁড়াল ৮টি। লিটন ফেরার পর ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

মুশফিক-লিটন জুটির ২ হাজার

ম্যাচ শুরুর আগে ২ হাজার রানের মাইলফলক থেকে ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। আগের দিন শেষ বিকেলে ১৩ রান যোগ করে অপরাজিত ছিলেন দুজন। বৃহস্পতিবার দ্বিতীয় ওভারে পূর্ণ হয় তাদের ২ হাজার রান।

টেস্টে বাংলাদেশের আরও দুটি জুটির ২ হাজার রানের কীর্তি আছে। মুশফিক ও সাকিব আল হাসান ৭০ ইনিংসে যোগ করেছেন ২ হাজার ৮৬৩ রান। ইমরুল কায়েস ও তামিম ইকবালের জুটি ৫৮ ইনিংসে করেছে ২ হাজার ৪৩৩ রান।

তবে মাইলফলকে পৌঁছাতে মুশফিক-লিটনের লেগেছে ৩৪ ইনিংস, যা আগের দুই জুটির চেয়ে অনেক কম। ২০১৭ সালে গলে শুরু করা এই জুটির ব্যাটিং গড় ৬০.৩৩।

তামিম-ইমরুলের লেগেছিল ৪০ ইনিংস, তাদের গড় ৪৩.৪৪। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি তাদের সর্বোচ্চ, যা এখনও ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ। সাকিব-মুশফিকের ২ হাজার পূর্ণ হয়েছিল ৪৬ ইনিংসে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের জুটি গড়ার পথে মাইলফলক ছুঁয়েছিলেন তারা। যা এখনও যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

ম্যাচ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

চতুর্থ দিনের বিবর্ণ পারফরম্যান্সে জোহানেসবার্গ টেস্টে বিপাকে পড়েছে বাংলাদেশ। জয়ের চিন্তা ছেড়ে এখন ম্যাচ বাঁচানোর লড়াইয়ে সফরকারীরা। ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনো ৫৭ রানে পিছিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল। ১৫ বলে ১২ রানে ব্যাট করছিলেন লিটন, মুশফিক ছিলেন ১৪ বলে ৫ রানে।

প্রথম সেশনটা এই দুজনকে দিয়েই পার করতে চেয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে বাকি ছিলেন মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন রাবাদা ও সাইমন হার্মার। এই দুজনই ছিলেন সবচেয়ে বড় হুমকি।