Home জাতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ ও চার প্রভাবশালী দেশের দূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ ও চার প্রভাবশালী দেশের দূতের সাক্ষাৎ

0

ঢাকা অফিস।।

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন পাঁচ প্রভাবশালী দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

সাক্ষাৎ করা কূটনীতিকরা হলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হলেও আলোচনার বিস্তারিত জানানো হয়নি। তবে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের দূতরা। তাদের বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সংস্কারের বিষয় উঠে আসে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, দেশটির থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় খলিলুর রহমানকে সরাসরি শুভেচ্ছা জানাতে তিনি এসেছেন। এর আগে ফোনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের বক্তব্য সম্পর্কে তাঁর আগ্রহ ছিল। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, তা তিনি জানতে চেয়েছেন। কারণ, জাতিসংঘের সংস্কার সব সদস্য দেশের অভিন্ন স্বার্থের বিষয়।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, জাতিসংঘ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার সুযোগ তাঁর জন্য শেখার মতো বিষয় ছিল। সাক্ষাৎটি মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানকে শুভেচ্ছা জানানোর জন্যই ছিল।

চীন ও ইউরোপীয় ইউনিয়নের দূতরা সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেননি। তাদের সঙ্গে আলোচনার বিষয়েও বিস্তারিত জানা যায়নি।