Home Lead খুলনায় সরকারি কলোনির ৪৬ ভবনের ২৬টিই পরিত্যক্ত

খুলনায় সরকারি কলোনির ৪৬ ভবনের ২৬টিই পরিত্যক্ত

1


স্টাফ রিপোর্টার।।

সরকারি চাকরিজীবীদের আবাসনের জন্য খুলনায় নির্মিত হয়েছিল একাধিক সরকারি আবাসিক কলোনি। এক সময় এসব কলোনি শিশুদের খেলাধুলা, বয়স্কদের হাঁটাহাঁটি আর বাসিন্দাদের আনাগোনায় মুখরিত ছিল। কিন্তু যুগের পরিবর্তনে আবাসিক কলোনিগুলো এখন নিস্তব্ধ। ভবনগুলো রক্ষণাবেক্ষণের অভাব, জরাজীর্ণ অবস্থা ও নিরাপত্তাহীনতার কারণে এখন বসবাসের অনুপোযোগী হয়ে আছে। হাতেগোনা কয়েকটি ভবন ভালো থাকলেও সেখানকার অনেক ইউনিট ফাঁকা পড়ে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি চাকরিজীবীদের পরিবার নিয়ে বসবাসের জন্য খুলনায় জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনি, মুজগুন্নি লো কস্ট কলোনি এবং নগরীর মুন্নুজান স্কুল সংলগ্ন লো কস্ট কলোনি রয়েছে। এসব ভবন তদারকি করছে গণপূর্ত অধিদপ্তর। কলোনির ভবনগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর-১ এর আওতায় মোট ভবন রয়েছে ৪৬টি। এর মধ্যে বসবাসযোগ্য ভবন রয়েছে ১৭টি। ৬টি ভবন ভেঙে ফেলা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ২৬টি ভবন। দুদক ও খুলনা স্বাস্থ্য বিভাগ দুইটি ভবন ব্যবহার করছে দাপ্তরিক কাজে। গণপূর্ত অধিদপ্তর-২ এর আওতায় রয়েছে মোট ১২টি ভবন। এই ভবনগুলোর প্রায় সবগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সরেজমিন কলোনিগুলো ঘুরে দেখা গেছে, পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনগুলো ঝোপঝাড়ে ছেয়ে গেছে। প্রবেশের পথে পানি জমে আছে ও জঙ্গলে পরিণত হয়েছে। অনেক ভবন দেবে যাওয়ায় ভেতরে প্রবেশ করা দুষ্কর। সিঅ্যান্ডবি কলোনির ৪৬টি ভবনের মধ্যে বসবাসযোগ্য রয়েছে ১৭টি ভবন। কিন্তু ভবনগুলোর অধিকাংশ ফ্ল্যাট ফাঁকা। মুন্নুজান স্কুল সংলগ্ন লো কস্ট কলোনির অবস্থাও একই। দুইটি ভবন ব্যাতীত বাকি সব ভবন পড়ে আছে শূন্য অবস্থায়। কলোনি এলাকায় নেই যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা। তবে কিছু কিছু ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন চাকরিজীবীরা। তাদেরও থাকতে কষ্ট হচ্ছে। অনেকে অন্যত্র যাওয়ার পরিকল্পনাও করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলোনির ভেতর নিরাপত্তা ব্যবস্থা নেই। সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। চুরি ছিনতাই প্রতিনিয়ত ঘটে। কলোনিগুলো আগে জনবহুল ছিল। জমজমাট ছিল। এখন কলোনি জনমানবহীন হয়ে পড়ছে। ভবনে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে। বখাটেরা সন্ধ্যা হলে বাইরে থেকে এসে কলোনির ভেতর ভিড় জমায়। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া কলোনির কোনো লোকজন বাসা থেকে বের হতে চায় না। কিন্তু এই কলোনিগুলো এক সময় জাঁকজমকপূর্ণ ছিল।

কলোনির বাসিন্দা সাজেদুল কবির বলেন, আমার বড় ভাই সরকারি চাকরিজীবী। এখন আমি ঢাকায় পড়ালেখা করছি। ছুটিতে ভাইয়ের এখানে আসি। তবে কলোনির পরিবেশ আগের মতো নেই। আগে বহু মানুষ এখানে বসবাস করতেন। এখন আস্তে আস্তে এ এলাকা জনশূন্য হয়ে পড়ছে। মূল কারণ নিরাপত্তাহীনতা ও আধুনিক কোনো সুবিধা এ কলোনিতে নেই। বিল্ডিংগুলো ধসে পড়েছে। অনেক বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় আছে। লোকজন না থাকায় সন্ধ্যার পর থমথমে পরিবেশ থাকে।

তিনি বলেন, গত দুই বছরে অনেক পরিবার কলোনি ছেড়ে অন্যত্র চলে গেছে। বৃষ্টির সময় ভবনগুলোর সামনে পানি জমে। যাতায়াত করা যায় না। আগে নিরাপত্তা বেষ্টনী থাকলেও এখন কোনো নিরাপত্তা নেই। সন্ধ্যা হলে গভীর রাত মনে হয়। তবে নতুন ভবন নির্মাণ করলে ও সংস্কার করলে এ কলোনিগুলো বসবাসযোগ্য হয়ে উঠবে।

মুজগুন্নি লো-কস্ট কলোনির বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, শহর উঁচু হওয়াতে কলোনি এলাকা অনেকটা নিচু হয়ে গেছে। বৃষ্টির সময় পানি জমে থাকে। সবগুলো ভবনের অবস্থা জরাজীর্ণ। সবগুলো ভবন ঝুঁকিপূর্ণ। হাতেগোনা কয়েকটি পরিবার রয়েছে। তারাও সামনে চলে যাবে। এখানে একাতো থাকা যাবে না। নিরাপত্তা নিয়েও শঙ্কা আছে। আমরা মোটামুটি ভালো একটা বাসা খুঁজছি। বাবাকে বলেছি। তিনি রাজি হয়েছেন। বাসা খুঁজে পেলে অন্যত্র চলে যাব।

সরকারি চাকরিজীবী রাবেয়া খাতুন বলেন, খুলনার সরকারি কলোনিগুলোর অবস্থা খুব খারাপ। একদিকে রক্ষণাবেক্ষণ হয় না, অন্যদিকে ভবনগুলোর আধুনিকায়ন হয়নি। এজন্য কোয়ার্টারে না থেকে বাইরে বাসা ভাড়া করে থাকছি। তবে ২০২৮ সালে সরকারি বাসাভাড়া বৃদ্ধি পাবে। তখন এমন পরিস্থিতিতে কেউ এসব বাসায় থাকতে চাইবে না। কিন্তু নতুন ভবন নির্মাণ করলে ও পরিবেশগত মান উন্নয়ন হলে সরকারি চাকরিজীবীরা কোয়ার্টারে থাকার আগ্রহ দেখাবে।

খুলনা গণপূর্ত উপ-বিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, এই বিভাগের আওতাধীন সরকারি ভবনগুলোর মধ্যে ছয়টি পরিত্যক্ত ভবন অপসারণ করা হয়েছে। অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে কেউ বসবাস করছেন না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী কাজ করতে পারব।

গণপূর্ত অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, পরিত্যক্ত ভবন অপসারণ করে নতুন পরিকল্পনা গ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। নির্দেশনা পেলে আমরা কার্যক্রম শুরু করতে পারব।