শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় মহাসংকটে পড়েছেন সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লির জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা। টানা দুই দিন ধরে উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে চাতাল, মাচা ও বেড়ায় শুকাতে দেওয়া কাঁচা মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। ইতোমধ্যে লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার।
মাছ ধরা ও শুঁটকি উৎপাদন বন্ধ থাকলেও জেলে-শ্রমিকদের বেতন ও খাবারের খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে একদিকে কাঁচা মাছ নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কাজ না করেও শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিনই বাড়ছে লোকসানের বোঝা।
দুবলার চরের শুঁটকি পল্লীর চারটি চরে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেকের অধীনে গড়ে ২০ জন করে জেলে ও শ্রমিক কাজ করেন। সব মিলিয়ে চারটি চরে জেলে ও শ্রমিকের সংখ্যা প্রায় ২০ হাজার। তাদের দৈনিক বেতন ১ হাজার থেকে ১২০০ টাকা। এর সঙ্গে জনপ্রতি খাবার খরচ প্রায় ৩০০ টাকা। অর্থাৎ একজন জেলে বা শ্রমিকের পেছনে প্রতিদিন গড়ে দেড় হাজার টাকা ব্যয় হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকলেও এই খরচ বহন করতে হচ্ছে মালিকদের। এতে প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, ‘এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।’
তিনি আরও জানান, মাছ ধরা বন্ধ থাকায় জেলে-শ্রমিকেরা বসে আছেন। মাছ না থাকায় শুঁটকি উৎপাদনও ব্যাহত হচ্ছে। অথচ শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য খরচ প্রতিদিনই বহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা নতুন করে ঋণের চাপে পড়ার আশঙ্কা করছেন।
আলোরকোলের আরেক মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ মেম্বর বলেন, ‘একেকজন বহদ্দারের অধীনে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক রয়েছেন। শুঁটকি মৌসুমের পাঁচ মাসের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছে। দৈনিক হিসাবে বেতন দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় তাদের কোনো কাজ নেই। কিন্তু বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। খাবার খরচসহ প্রত্যেক মালিকের দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।’
দুবলার শুঁটকি পল্লির ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ আহরণ ব্যাহত হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় চাতালগুলোতে নতুন মাছ আসছে না। অন্যদিকে আগে ধরা মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। এতে শুঁটকির উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়েছে ব্যবসায়ীদের মূলধন। গত মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে না পেরে অনেকেই এবার ধারদেনা করে ব্যবসায় নেমেছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লীর বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকাভানের’ প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় ‘অর্নবের’ মধ্য দিয়ে। মৌসুমের শুরুতেই জেলেরা বড় ধরনের ধাক্কার মুখে পড়েন। ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় ‘আকাভানের’ প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরতে পারছেন না। বৈরী আবহাওয়ায় চাতালে মাছ শুকানোও ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। এতে বহদ্দার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।’











































