পুরোনো ভিডিওকে নতুন ঘটনার নামে প্রচার, ভুয়া ফটোকার্ডে বাড়ছে বিভ্রান্তি; তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শ বিশ্লেষকদের
ঢাকা অফিস।।
একটি সত্য ঘটনা, তার সঙ্গে জুড়ে দেওয়া কয়েকটি মিথ্যা তথ্য-এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হচ্ছে বিভ্রান্তির নতুন জাল। কখনো সংসদ সদস্যের পদত্যাগের ভুয়া খবর, কখনো শ্রমিক নিহত হওয়ার গুজব, আবার কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। পুরোনো ঘটনার দৃশ্যকে নতুন ঘটনার নামে প্রচার, সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি এবং অন্য দেশের ছবি বাংলাদেশের বলে চালিয়ে দেওয়ার ঘটনাও বাড়ছে।
সাম্প্রতিক সময়ে সংসদ সদস্যদের পদত্যাগ নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য এর বড় উদাহরণ। শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর স্ত্রীও অসুস্থতার কারণে সেখানে রয়েছেন। কিন্তু তাঁর পদত্যাগের খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও কয়েকজনের পদত্যাগের দাবি ছড়িয়ে দেওয়া হয়। এমনকি গোপালগঞ্জের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন বলেও প্রচার করা হয়।
পরবর্তী অনুসন্ধানে এসব দাবির সত্যতা পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলও জানিয়েছে, ওসমান ফারুক ছাড়া আলোচিত অন্য সংসদ সদস্যদের কেউ পদত্যাগ করেননি। অর্থাৎ একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে একাধিক মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
শুধু রাজনৈতিক অঙ্গন নয়, শ্রমিক অসন্তোষের ঘটনাকেও গুজব ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে পুলিশের হামলায় একাধিক শ্রমিক নিহত হওয়ার দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির সত্যতা পাওয়া যায়নি। এ ধরনের প্রচারে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ে জনমনে অযথা আতঙ্ক ও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
গুজব ছড়ানোর কৌশলও দিন দিন বদলাচ্ছে। পুরোনো ভিডিও নতুন ঘটনার নামে প্রচার, বিদেশের ছবি বাংলাদেশের বলে চালানো, সংবাদমাধ্যমের পরিচিত লোগো ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরি-এসবের পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বাসযোগ্য মনে হয় এমন ছবি ও ভিডিও বানানো হচ্ছে। এসব কনটেন্টের মাধ্যমে মিথ্যা ঘটনাকে বাস্তব বলে প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের পর যৌথ বাহিনীর অভিযানের নামে ফেসবুকে কয়েকজন ব্যক্তির মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পোস্টগুলোতে দাবি করা হয়, এটি ১৫ নভেম্বর ২০২৬ সালে গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি গোপালগঞ্জের নয়। এটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের একটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানের পুরোনো দৃশ্য।
এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। গত ১২ নভেম্বর ফেসবুকে কয়েকটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবাকে না পেয়ে পুলিশ তাঁর শিশুসন্তানকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করেছে। আবেগঘন এই দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। একটি পোস্টেই আট শতাধিক শেয়ার ও চার হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো কোনো বাস্তব গ্রেপ্তারের ঘটনার নয়; কৃত্রিমভাবে তৈরি ছবি ব্যবহার করে এ বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত কনটেন্ট ছড়িয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রাজনৈতিক উত্তেজনা, শ্রমিক অসন্তোষ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো সংবেদনশীল সময়ে এসব অপতথ্য দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে প্রকৃত তথ্য আড়াল হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতা তৈরির ঝুঁকিও বাড়ে।
গুজবের বিস্তার ও তা মোকাবিলার বিষয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুজব ছড়ানো দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন মানুষ অন্ধভাবে এসব বিশ্বাস করে। তাই কোনো তথ্য বা ছবি দেখেই তা বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো চাঞ্চল্যকর খবর দেখলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের মূল প্রকাশনা, সরকারি ঘোষণা কিংবা নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ছবি ও ভিডিওর ক্ষেত্রে এর উৎস, প্রকাশের সময় এবং প্রেক্ষাপট যাচাই করা জরুরি। কারণ, প্রযুক্তির সাহায্যে এখন মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করা যত সহজ হচ্ছে, ততই বাড়ছে সচেতন থাকার প্রয়োজনীয়তা।











































