ঢাকা অফিস।।
জেলাজুড়ে চলমান সহিংসতার মধ্যে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়েনের শিবগাতী গ্রামে এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী মিছিল নিয়ে সকালে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। এক পর্যায়ে দুটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগও উঠেছে।
তবে মিছিলকারীরা বাড়িতে প্রবেশ করার পর পর সেলিমুজ্জামান সেলিমের বাড়ির লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাচুর চালানো হয়েছে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মকসুদপুর থানায় ভাঙ্চুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানার সামনে পুলিশের সরকারি ও জব্দ করে রাখা একাধিক গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।
একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।











































