খুলনাঞ্চল রিপোর্ট।।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৬-১৭ সালে চালানো সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে বৃহস্পতিবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল।
রায়ের সারসংক্ষেপ পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ উঠে এসেছে। এসব কর্মকাণ্ডের মধ্যে নির্দিষ্ট কিছু ঘটনায় গণহত্যার উদ্দেশ্য ছিল বলেও আদালত উল্লেখ করেছে।জাতীয় সংবাদ
এই রায়ের মধ্য দিয়ে গণহত্যা সনদের আওতায় কোনো রাষ্ট্র সরাসরি গণহত্যার দায়ে দায়ী—এমন সিদ্ধান্ত প্রথমবারের মতো দিল আইসিজে। প্রায় সাত বছর ধরে চলা মামলাটির সূচনা হয় ২০১৯ সালে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। দেশটি অভিযোগ করে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে গাম্বিয়া এই আইনি পদক্ষেপ নেয়।
মামলায় গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের ঘোষণা, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং দায়ীদের বিচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়েছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, নাগরিকত্ব ও নিরাপদে নিজ দেশে ফেরার অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়। ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার অভিযোগ-সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণে মিয়ানমারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।
মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। তবে আদালত সাক্ষ্য, নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার ধরন এবং এর উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছেছে।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা অবস্থান করছে বলে বিভিন্ন হিসাব থেকে জানা যায়।জাতীয় সংবাদ
আইসিজের রায় আইনগতভাবে চূড়ান্ত ও বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে আদালতের নিজস্ব সরাসরি বলপ্রয়োগের ক্ষমতা নেই। কোনো দেশ রায় অমান্য করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যেতে পারে। এদিকে আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করলেও সেনা কর্মকর্তা বা ব্যক্তির ফৌজদারি বিচার করে না; ব্যক্তির অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারভুক্ত।
বিশ্লেষকদের মতে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্বের দাবিকে আন্তর্জাতিক আইনি ভিত্তিতে আরও শক্তিশালী করবে। তবে বাস্তুচ্যুত মানুষের নিরাপদে ঘরে ফেরা এবং মিয়ানমারে তাদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান অধরাই থেকে যাবে।











































