Home আঞ্চলিক সিকিউরিটি গার্ডের পোশাকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

সিকিউরিটি গার্ডের পোশাকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

1


স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর সাতরাস্তা মোড় এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগে জ্যোতির্ময় (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় তার ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের প্রমাণ পাওয়া যায়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি বলেন, রাতে আদালত এলাকায় ককটেল হামলার পর আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়েছি আমরা। এসময় সাতরাস্তা এলাকা থেকে আমরা দলীয় নেতাকর্মীরা যাচ্ছিলাম। যাওয়ার সময় সিকিউরিটি গার্ডের ড্রেস পরিহিত অবস্থায় মোটরসাইকেলে সাতরাস্তা এলাকায় ঘুরাঘুরি করছিল জ্যোর্তিময় নামে ওই যুবক। তাকে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন কথা বলে। এক পর্যায়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।

পরবর্তীতে তার ফোন যাচাই করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তথ্য আদান প্রদানের বিভিন্ন মেসেজ ও নাশকতার তথ্য পাওয়া যায়। ফোনের মাধ্যমে জানা গেছে, জ্যোতির্ময়ের আজকের দায়িত্ব ছিল এই এলাকার সার্বিক পরিস্থিতি গ্রুপে জানানো।

ইস্তি দাবি করে বলেন, এই ধরনের ইনফরমেশন কালেক্ট করে জ্যোতির্ময়ের মতো ছদ্মবেশীরাই নিষিদ্ধ সংগঠনের কাছে দিচ্ছে এবং নিষিদ্ধ সংগঠনের লোকজন ফাঁকা এলাকায় এসে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এরকম ঘটনা আদালত পাড়াতেও ঘটেছে। রাতে আদালত চত্বরে ককটেল হামলা করে নিষিদ্ধ সংগঠনের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতির্ময় সাতরাস্তা মোড়ে সাবেক একজন এসপির বাড়ির নিচতলায় থাকা একটি এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তার গ্রামের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। তিনি প্রায় ৬-৭ মাস ধরে এখানে চাকরি করছেন।

খুলনা সদর থানার এসআই জুয়েল মোল্যা বলেন, জ্যোতির্ময়কে আটক করা হয়েছে এবং একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।