স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের মধ্যে এবার ফারাজীপাড়ায় ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও তা পরে নিভে যায়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে দেখা যায়, খাদ্য গুদামের ভেতরে বিভিন্ন জায়গায় কাচের টুকরা ছড়িয়ে রয়েছে। পেট্রলবোমার বোতল ভেঙে এসব টুকরা ছড়িয়ে পড়ে।
তবে আগুনে কোনো স্থাপনার ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন দেখা যায়নি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় অবস্থিত ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও তা পরে নিভে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে বৃহস্পতিবার রাতে খুলনা নগর ভবন, জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে একের পর এক বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।










































