Home খেলাধুলা প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা

0

স্পোর্টস ডেস্ক।।

চোটের কারণে একের পর এক সিরিজ মিস করেছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট কোথাও দেখা যায়নি বাংলাদেশের পেসারকে। তবে অপেক্ষার অবসান হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানেডে সিরিজেই। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা।

ল্যাব্রাম টিয়ারের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে যান নাহিদ। চোট সারাতে অস্ট্রেলিয়ায় রিহ্যাবিলিটেশন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সেখানে খ্যাতনামা চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার মূল্যায়নও করা হয়েছে।

ক্রিকবাজের সূত্রে জানা গেছে, নাহিদ এখন পূর্ণ গতিতে বোলিং করছেন। বৃহস্পতিবার বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করে নিজের বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন তিনি। ক্রিকবাজকে এক সূত্র নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেন এই পেসার।

গত কয়েক মাস ধরে একের পর এক চোট ভুগিয়েছে নাহিদকে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-টু সাইড স্ট্রেইনে পড়েন তিনি। এর ফলে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সিরিজ খেলা হয়নি। পরে রিহ্যাবের সময় নিতম্বের পেশিতে নতুন করে চোট পাওয়ায় আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হওয়া ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারেননি। এরপর ল্যাব্রাম টিয়ারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও মিস করেন তিনি।

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার আগেই জানিয়েছিলেন, নাহিদকে তাড়াহুড়ো করে ফেরানো হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে ওয়ানডে সিরিজে ফেরার মতো যথেষ্ট সুস্থ হয়ে উঠেছেন বলেই মনে হচ্ছে। জানা গেছে, নাহিদের অগ্রগতি মূল্যায়নের জন্য ২৪ নভেম্বর পর্যন্ত একটি পরিকল্পনা সাজিয়েছে বিসিবির মেডিকেল টিম। এরপর তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।