Home খেলাধুলা লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

0

স্পোর্টস ডেস্ক।।

ক্রিকেট তীর্থ লর্ডসে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেললেও কখনো টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশ দলে। অবশেষে সেই অপেক্ষা ফুরাচ্ছে।

আগামী বছর জুনে লর্ডসে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর আগে একই মাঠে টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগামী বছরের ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে। একই দিন লর্ডসে হবে টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে একই মাঠে ছেলেদের আন্তর্জাতিক ও ঘরোয়া দুটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে এমসিসি।

দুই দেশের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সেই বিবেচনায় খেলার সময় নির্ধারণ করা হবে।

ইংল্যান্ড সফরে নেপাল আরো কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেছেন, ‘নেপালে ক্রিকেটের প্রতি মানুষের অসাধারণ আবেগ আমরা কাছ থেকে দেখেছি। বাংলাদেশ লর্ডসে ১৭ বছর পর টেস্ট খেলতে নামার পরপরই এই ম্যাচ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএএন) সচিব পরশ খাড়কা বলেছেন, ‘হোম অব ক্রিকেট লর্ডসে ফিরতে পারা সব সময়ই অত্যন্ত গর্ব ও সম্মানের।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘লর্ডসে খেলা বাংলাদেশের দলের জন্য বিশেষ একটি উপলক্ষ। নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত।’

আগামী বছর মার্চেও নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২৬, ২৮ ও ৩০ মার্চ হবে ম্যাচগুলো। গত সেপ্টেম্বরে নেপালে ভয়াবহ পাহাড় ধস ও বন্যায় নিহতদের স্মরণে এই সিরিজ খেলবে দুই দল।