নড়াইল প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। আওয়ামী লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ ছেড়ে পালানোর পরও তারা অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিন মোল্যার কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু-কিশোরদের রক্ত ঝরিয়েও তারা ক্ষান্ত হয়নি। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিক, ফাইয়াজ ও আবরারসহ অনেককে গুলি করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালানোর পরও তাদের অনুসারীদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এরই শিকার হয়েছেন কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিন মোল্যা।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পর নিহতদের মা, স্ত্রী ও স্বজনদের কী জবাব দেবেন, তা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই শোক ও বেদনা নিয়েই তাদের চলতে হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে। সেই লক্ষ্য নিয়েই দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হন এবং কোনো বোন যেন ভাইহারা না হন— সেই লক্ষ্য সামনে রেখেই প্রধানমন্ত্রী কাজ করছেন।
নিহত দুই নেতার প্রসঙ্গে রিজভী বলেন, তারা গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। তাদের মর্যাদা শহীদের সমান। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করছি। এ হত্যাকাণ্ডের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।











































