Home Lead সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছ শনাক্ত, নতুন ৭ প্রজাতির সন্ধান

সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছ শনাক্ত, নতুন ৭ প্রজাতির সন্ধান

1

স্টাফ রিপোর্টার।।


বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও জলাশয়ে ২৫১ প্রজাতির মাছ এবং ৫১ প্রজাতির কাঁকড়া-চিংড়ি শনাক্ত করেছেন গবেষকরা। দীর্ঘমেয়াদি গবেষণায় পাওয়া এসব প্রজাতির মধ্যে সাতটি সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যের তালিকায় নতুন সংযোজন। গবেষণায় বনটির জলজ সম্পদের অবস্থা, মাছের মজুদ, প্রজননকাল এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী অডিটোরিয়ামে ‘অ্যাসেসমেন্ট অব অ্যাকুয়াটিক রিসোর্সেস অব দ্য সুন্দরবনস’ শীর্ষক জাতীয় কর্মশালায় গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ বন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সুন্দরবন সুরক্ষা (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হয়। এতে যৌথভাবে কাজ করেছে আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস (CNRS)। কর্মশালায় গবেষণার বিভিন্ন দিক ও ফলাফল উপস্থাপন করেন ড. এনামুল হক, ড. ইয়ামিন হোসাইন ও ড. স্বপন কুমার সরকার।

গবেষণায় সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছ এবং ৫১ প্রজাতির ক্রাস্টেশিয়ান বা কাঁকড়া-চিংড়ি জাতীয় প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সাতটি প্রজাতি সুন্দরবনের জন্য নতুন। এ ছাড়া ১৫টি মাছের প্রজাতির মজুদ নিরূপণ করা হয়েছে। শনাক্ত করা হয়েছে ১৫১ জেনেরা ফাইটোপ্ল্যাঙ্কটন ও ১১০ জেনেরা জুপ্ল্যাঙ্কটন। পাশাপাশি বেন্থস, অ্যানিলিডস ও পলিকিয়েটসহ বিভিন্ন জলজ প্রাণীর ঘনত্ব নিয়েও গবেষণা করা হয়েছে।

সুন্দরবনের নিষিদ্ধ ১৮টি খালের বর্তমান অবস্থা মূল্যায়নের পাশাপাশি কাঁকড়ার প্রজননকাল, নদীর পানির গুণাগুণ এবং বিষ প্রয়োগ করে মাছ ধরার ক্ষতিকর প্রভাব পর্যালোচনা করা হয়েছে। দুবলার চরে ৩২ প্রজাতির মাছ শনাক্তের পাশাপাশি সেখানকার ব্যবস্থাপনা নিয়েও সুপারিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬৫টি খালের তীরবর্তী উদ্ভিদবিন্যাস এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব গবেষণায় গুরুত্ব পেয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা বেগম। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক ইমরান আহমেদ।


কর্মশালায় বন ও মৎস্য বিভাগের কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে গবেষণার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। সংশ্লিষ্টদের আশা, গবেষণার ফলাফল সুন্দরবনের জলজ সম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও মজুদ রক্ষা এবং বনটির টেকসই ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।