Home আঞ্চলিক সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মিছিল

সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মিছিল

1


স্টাফ রিপোর্টার।।
দেশব্যাপী চলমান অস্থিতিশীলতা, নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আবারও চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।


নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, দাকোপ ও বটিয়াঘাটার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতার খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তবে সতর্কতার নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং কোনো উসকানিতে পা না দেন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে।


সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা যেকোনো অপতৎপরতা রুখে দিয়ে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।