স্টাফ রিপোর্টার।।
হিমেল হাওয়া আর শীতের আগমনে খুলনা নগরীতে জমে উঠেছে বাহারি পিঠার বেচাকেনা। নগরীর ফুটপাত, সড়কের পাশ, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে অস্থায়ী ও ভ্রাম্যমাণ পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ধোঁয়া ওঠা গরম পিঠার স্বাদ নিতে এসব দোকানে ভিড় করছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। পিঠা খাওয়ার পাশাপাশি চায়ের কাপ আর আড্ডায় মেতে উঠছেন নগরবাসী।
সরেজমিনে তারেরপুকুর, ঘাটএলাকা, নিউমার্কেট, সোনাডাঙ্গা ও গল্লামারী এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দিনের বেলায় ক্রেতার আনাগোনা কম থাকলেও সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে দোকানগুলো। এসব দোকানে ভাপা, চিতই ও পাটিসাপটাসহ হরেক রকমের পিঠা তৈরি হচ্ছে। তবে ক্রেতাদের কাছে ভাপা ও চিতই পিঠার চাহিদাই সবচেয়ে বেশি।

দোকানগুলোতে প্রতিটি চিতই পিঠা ৫ টাকা, সাধারণ ভাপা পিঠা ১৫ টাকা এবং পাটিসাপটা ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নারিকেল ও গুড়ের পরিমাণ বেশি দেওয়া বিশেষ ভাপা পিঠার দাম রাখা হচ্ছে ২০ টাকা। চিতই পিঠার সাথে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সরিষা, শুঁটকি, কাঁচা মরিচ ও ধনেপাতার মুখরোচক ভর্তা।
নগরীর তারেরপুকুর এলাকায় পিঠা খেতে আসা ক্রেতা সাবরিনা আক্তার বলেন, ব্যস্ততার কারণে বাড়িতে চাল গুঁড়া করে পিঠা বানানোর সময় ও সুযোগ হয়ে ওঠে না। তাই অফিস ফেরার পথে হাতের কাছে ও সাধ্যের মধ্যে গরম গরম পিঠা পাওয়ায় এই দোকানগুলোই এখন আমাদের ভরসা।

আরেক ক্রেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ জানান, শীতের সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে গরম ভাপা আর ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার আনন্দই আলাদা। দামও হাতের নাগালে থাকায় প্রায় প্রতিদিনই আসা হয়।
এদিকে বিক্রি ভালো হওয়ায় দারুণ খুশি বিক্রেতারাও। পুরুষদের পাশাপাশি অনেক নারীও মৌসুমি এই ব্যবসায় যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। পিঠা বিক্রেতা রুহুল আমিন বলেন, বছরের অন্য সময় বাসাবাড়িতে কাজ করি। কিন্তু শীত এলেই পিঠার দোকান দিই। এবার শীত পুরোপুরি জেঁকে বসার আগেই প্রায় এক মাস ধরে পিঠা বিক্রি করছি। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ভালোই বেচাকেনা হয়, যা দিয়ে সংসার ভালোভাবে চলে।
তারেরপুকুর মোড়ের আরেক বিক্রেতা নুরু জানান, সারা বছর কমবেশি পিঠা বিক্রি করলেও শীতের মৌসুমে ক্রেতাদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। তবে চাল, গুড়, নারিকেল ও জ্বালানির দাম কিছুটা বেশি হওয়ায় আগের তুলনায় লাভ একটু কম হচ্ছে, তবুও ক্রেতাদের ভিড় দেখে ভালো লাগে।











































