খুলনাঞ্চল রিপোর্ট।।
পদ্মা সেতু হয়ে খুলনা, বাগেরহাট, বরিশাল ও সাতক্ষীরার বাস গতকাল বৃহস্পতিবার চলাচল করেনি। তবে খুলনা ও সাতক্ষীরার বাস বিকল্প পথে চলেছে। এই অঞ্চলের বাকি জেলার বাস চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। বাগেরহাট থেকে বাস ছাড়েনি। বরিশালের বাস ফিরে গেছে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে। অন্যদিকে রাজধানী থেকে দূরপাল্লার সব রুটের বাসই ছেড়েছে। তবে যাত্রী তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য তারা খারাপ আবহাওয়াকেও এর কারণ হিসেবে দেখছেন।
খুলনা থেকে বিকল্প পথে চলেছে বাস
‘নিরাপত্তার কারণে’ পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করেনি। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে পাটুরিয়া-আরিচা হয়ে ঢাকায় যাচ্ছে কিছু বাস। এদিকে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচল করা ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের শুক্রবারের যাত্রা বাতিল করেছে রেলওয়ে। বৃহস্পতিবার সারাদিন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বুধবার থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাগেরহাট থেকে ছাড়েনি বাস
পদ্মা সেতু হয়ে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ছিল। গোপালগঞ্জ হয়ে যেতে হয়– এমন কোনো বাস বৃহস্পতিবার বাগেরহাট থেকে ছেড়ে যায়নি। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, শরণখোলাসহ আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস স্বাভাবিক ছিল। কাউন্টারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার পর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছাড়েনি।
ঢাকাগামী যাত্রীবাহী বাস দোলা পরিবহনের টিকিট বিক্রেতা মো. কাদের শেখ বলেন, লকডাউনের জন্য আজকে দূরপাল্লার সব বাসই বন্ধ আছে। আগামীকাল সকাল থেকে আমাদের বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক থাকবে। বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা পথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশালের বাস ফিরে গেছে মুকসুদপুর থেকে
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১৫ কিলোমিটার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মধ্যে পড়েছে। ভাঙ্গা থেকে মাদারীপুর ও বরিশাল হয়ে কুয়াকাটামুখী মহাসড়কে যানবহন চলাচল করতে পারেনি। কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মুকসুদপুর উপজেলার বরইতলা পর্যন্ত গিয়ে আটকা পড়ে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, লকডাউনের জন্য বৃহস্পতিবার যাত্রী ছিল কম। ঢাকা রুটের সীমিতসংখ্যক বাস ছেড়ে গেলেও মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে গিয়ে আটকা পড়ে। বেশির ভাগ গাড়ি আবার বরিশালের দিকে ফিরে এসেছে।
সাতক্ষীরা থেকে বাস চলেনি
সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলেনি। বুধবার বিকেল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহন মালিকরা। তবে পদ্মা সেতু হয়ে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরর লাইন মাস্টার ট্রাভেলস সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ, এইচআরসহ ১০-১৫টি কোম্পানির গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।
রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়লেও যাত্রী কম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘিরে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে কর্মসূচির দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন সড়কে গণপরিবহন তুলনামূলক কম ছিল। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে অন্যান্য দিনের মতোই। যাত্রী কিছুটা কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বৈরী আবহাওয়াও এর অন্যতম কারণ বলে মনে করেন তারা।
কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ, এসআরবি, বিজিবি ও এপিবিএন সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন সড়কে এসআরবি ও পুলিশের চেকপোস্টে গাড়ি ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। রাজধানীজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা বলেন, কয়েক দিনে বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অনেকেই আতঙ্কিত। যে কারণে যাত্রী কিছু কম ছিল। দূরপাল্লার বাস নিয়মিত ছেড়ে গেছে। অবশ্য সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস দিনের তুলনায় রাতে বেশি ছেড়ে যায়। তারা জানান, গোপালগঞ্জে চলমান সহিংসতায় ওই জেলার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।
সায়েদাবাদ টার্মিনালে শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার বিকাশ চন্দ্র ঘোষ জানান, তাদের ছয়টি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। তবে একই রুটে অন্যদিন সাত-আটটি ছেড়ে যায়। বৃষ্টির কারণে বুধবার রাতে সিলেটে তাদের পরিবহন আটকা পড়েছে। এ কারণে বৃহস্পিতবার সকালে সিলেট থেকে সব গাড়ি ঢাকায় আসতে পারেনি। তাই সায়েদাবাদ থেকে গতকাল দিনে সাত-আটটি বাস ছেড়ে গেছে। ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের পরিবহনের সায়েদাবাদ কাউন্টার ম্যানেজার সোহান জানান, সকাল থেকে যাত্রী কম। তবে প্রতিদিন বিভিন্ন রুটে তাদের যে সংখ্যক বাস ঢাকা থেকে ছেড়ে যায়, গতকালও তাই-ই গেছে।
সায়েদাবাদ থেকে কুমিল্লার লাকসাম রুটে চলাচল করা তিশা পরিবহনের চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার রাতে লাকসাম থেকে তিনি যাত্রী নিয়ে সাযেদাবাদে আসেন। তখন সব আসনেই যাত্রী ছিল। বৃহস্পিতবার যাত্রী কিছুটা কম থাকায় আসন পূরণ হতে সময় লাগে। ফলে বাস ছাড়তে বিলম্ব হয়।
পূর্বাশা পরিবহনের এক কর্মচারী জানান, চুয়াডাঙ্গা রুটে তাদের বাস চলাচলের সংখ্যা স্বাভাবিক ছিল। রাতেও তাদের সব গাড়ি নির্ধারিত সময়েই ছেড়ে যাওয়ার কথা। গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোথাও যানজট ছিল। তবে গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলও স্বাভাবিক ছিল।
এস আর ট্রাভেলসের গাবতলী টার্মিনালের কাউন্টার মাস্টার মেহেদী হাসান মারুফ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে তাদের গাড়ি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক চলাচল করেছে। নাবিল পরিবহনের গাবতলী টার্মিনালের কাউন্টারের মাস্টার আমিনুল ইসলাম জানান, গাবতলী টার্মিনাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে তাদের গাড়ি ছেড়ে যায়। দিনে ১২-১৩টি গাড়ি ছাড়ে। তবে গতকাল দু-একটি কম ছেড়ে গেছে।











































