ঢাকা অফিস।।
গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরেই দেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, রেল, নৌ ও সড়ক যোগাযোগের উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারলেই দেশের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে যোগাযোগ খাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
শেখ রবিউল আলম বলেন, ‘রেল, নৌ ও সড়কের ক্ষেত্রে ইতিমধ্যে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো যদি আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন হয়ে যাবে।’
কর্মশালায় ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে তিনটি বিকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
প্রথম প্রস্তাবে পুরো ১৩২ কিলোমিটার উড়ালপথ নির্মাণের পরিকল্পনা ছিল। তবে বিস্তারিত পর্যালোচনার পর দ্বিতীয় বিকল্পটিকে বেশি উপযোগী মনে করা হয়েছে। এ পরিকল্পনায় প্রায় ৫৪ কিলোমিটার উড়ালপথ এবং বাকি অংশ মাটির সমতলে (অ্যাট গ্রেড) নির্মাণের কথা রয়েছে। দ্বিতীয় বিকল্প অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে বলে জানান তিনি।
তবে পুরো ঢাকা-চট্টগ্রাম পথে উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে গেলে প্রকল্প শুরুর প্রক্রিয়ায় আরো বেশি সময় লাগতে পারে।
পদ্মা দ্বিতীয় সেতু প্রকল্পের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। নির্বাচনী ইশতেহারেও এটিকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর দ্রুত প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বিস্তারিত নকশা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকল্প বাস্তবায়নের সময়সীমা তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত থেকে বাস্তবায়ন পর্যায়ে যেতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে। এরপর প্রকল্প বাস্তবায়নে আরো তিন থেকে চার বছর প্রয়োজন হয়। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে সক্ষমতার কিছু ঘাটতি রয়েছে।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান কবির, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফুর রহমান।











































