স্পোর্টস ডেস্ক।।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া কি মাউরেসিও পচেত্তিনোর কপালের লিখন ছিল? ছোটবেলা থেকেই এ আর্জেন্টাইন ছিলেন রেড ডেভিলদের সমর্থক। ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাদের পক্ষে গলাও ফাটিয়েছিলেন। কিন্তু তিনি কিনা ইংল্যান্ডে এসে কোচ হলেন সাউদাম্পটনের। এরপর টটেনহ্যাম হটস্পার, পিএসজি, চেলসি এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পালনের সময় এরো সেই মহাকাঙ্ক্ষিত ডাক।
ম্যানইউর দায়িত্ব নিয়ে গত বুধবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রেড ডেভিলদের মানসিকতায় পরিবর্তন আনতে চান। পচেত্তিনো কি পারবেন হারতে হারতে ক্লান্ত ম্যানইউর মাঝে জয়ের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে?
২০১৬ সালে কোচ লুই ভ্যান গালের সঙ্গে ম্যানইউর সম্পর্ক যখন ছিন্ন হওয়ার পথে, তখন লন্ডনের এক রেস্তোরাঁয় পচেত্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফার্গুসন। ভ্যান গালের জায়গায় হোসে মরিনহো ম্যানইউর দায়িত্ব নেওয়া নিশ্চিত হয়ে যাওয়ার পরও ফার্গুসন প্রিমিয়ার লিগের ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে পচেত্তিনোর ফোন নম্বর চেয়ে নিয়েছিলেন। লন্ডনের মেফেয়ারে স্কটিশ রেস্তোরাঁয় তাদের ২ ঘণ্টার সেই লাঞ্চের কথা তারা দুজন ছাড়া জানতেন কেবল পচেত্তিনোর সহকারী জেসুস পেরেজ। যদিও লাঞ্চ শেষে রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর রাস্তায় পাপারাজ্জির ক্যামেরায় ঠিকই ধরা পড়ে গিয়েছিলেন তারা। তখন পচেত্তিনোর ক্লাব টটেনহ্যামের পক্ষ থেকে একে নির্ভেজাল সামাজিক সাক্ষাৎ হিসেবেই বর্ণনা করা হয়েছিল।
এর পরই পচেত্তিনো টটেনহ্যামের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়নে সম্মত হলে গুঞ্জন আর ডালপালা মেলেনি। এরপর পাঁচবার ম্যানইউর কোচ পরিবর্তন হয়েছে। প্রতিবারই পচেত্তিনোর নাম উচ্চারিত হতো। এর পেছনে অন্যতম কারণ ছিল, ফার্গুসনের সঙ্গে করা ওই লাঞ্চ মিটিং। ১০ বছর পর যেন পরিণতি পেল সেই মিটিং।
সুদিন ফেরানোর জন্য ক্লাবের সংস্কৃতিতে পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ৫৪ বছর বয়সী এ কোচ, ‘আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং এমন সর্বোত্তম অভ্যাস ও সংস্কৃতি গড়ে তোলার উপায় খুঁজে বের করতে হবে, যা আমাদের প্রতিটি ম্যাচ জেতার কাছাকাছি নিয়ে যাবে।’ কীভাবে সেই সংস্কৃতি গড়ে তুলবেন, সে ইঙ্গিতও দিয়েছেন, ‘খেলোয়াড়দের তাদের প্রতিভা প্রকাশ করা প্রয়োজন এবং আমাদের এমন একটি পরিবেশ ও প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে যেন খেলোয়াড়রা পারফর্ম করতে পারে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আমাদের অগ্রাধিকার।’ তবে এই সংকট কাটিয়ে উঠতে সময় চেয়েছেন তিনি।











































