Home আঞ্চলিক বৃষ্টি উপেক্ষা করে রাতভর খুলনা নগরীর অলিগলিতে স্বেচ্ছাসেবক দলের সতর্ক পাহারা

বৃষ্টি উপেক্ষা করে রাতভর খুলনা নগরীর অলিগলিতে স্বেচ্ছাসেবক দলের সতর্ক পাহারা

21


খুলনাঞ্চল রিপোর্ট।।


বৃষ্টিতে ভিজেও থেমে থাকেনি তাদের দায়িত্ব পালন। রাতের নীরবতা আর বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করে খুলনা মহানগরীর বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নামে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের আশঙ্কা প্রতিরোধে শুক্রবার দিনগত গভীর রাতে নগরজুড়ে সতর্ক অবস্থান ও পাহারা দিতে দেখা যায় তাদের।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নেন। রাতের বিভিন্ন সময়ে তারা পাড়া-মহল্লার অলিগলি, গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় সতর্ক নজরদারি করেন।
নেতাকর্মীদের ভাষ্য, নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এমন যেকোনো অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতেই তাদের এ উদ্যোগ। বিশেষ করে রাতের আঁধারে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা চোরাগোপ্তা হামলার মতো ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।


বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অবস্থান করেও কর্মসূচি অব্যাহত রাখেন নেতাকর্মীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে সাধারণ মানুষের চলাচল কমে এলেও তারা বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। তাদের এ রাতভর পাহারার মধ্য দিয়ে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় নিরাপত্তা পরিস্থিতির প্রতি নজর রাখার চেষ্টা করা হয়।


রাত সোযা ১২টায় নগরীর সাতরাস্তা মোড়ে অবস্থানকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি বলেন, নগরীর শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সহিংসতার মাধ্যমে যেন জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা না যায়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।


তিনি আরও জানান, তাদের অবস্থান ও কর্মসূচি শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাই সচেতন থাকলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করা সম্ভব। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বজায় রাখাই তাদের এ উদ্যোগের লক্ষ্য।