গোপালগঞ্জ প্রতিনিধি।।
টানা কয়েক দিনের সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধে চরম অচলাবস্থা ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে গোপালগঞ্জ। থানা, হাসপাতাল, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের বাসভবনে হামলা-অগ্নিসংযোগের পর এখন আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও তল্লাশিতে জনমানবশূন্য হয়ে পড়েছে টুঙ্গিপাড়া ও মুকসুদপুরসহ জেলার বিভিন্ন এলাকার গ্রাম ও বাজারঘাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে গোপালগঞ্জে ব্যাপক নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা জ্বালিয়ে দেওয়া, সরকারি গাড়ি পোড়ানো, তিনটি সংসদ সদস্যের বাড়ি-গাড়ি ও স্বজনদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং হাসপাতালে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একাধিক শাখাসহ অন্তত ৪০টি স্থাপনা ও প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করায় বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা।
এসব ঘটনায় ভিডিও ও লাইভ ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার গোপালগঞ্জ সার্কিট হাউজে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নির্দেশ দেন-কোনো নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন, তবে যে দলেরই হোক, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এরপর সন্ধ্যার পর থেকেই শুরু হয় পুলিশের তল্লাশি ও অভিযান। অভিযানের খবরে অনেক এলাকায় পুরুষ-নারী ও কিশোররা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাশকতা ও অবরোধের সবচেয়ে বড় মাশুল গুনছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। দোকানপাট, চায়ের স্টল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে গেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের। হাসপাতাল আক্রান্ত হওয়া, বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝোলানো এবং থানা অকার্যকর হয়ে পড়ায় জরুরি চিকিৎসা ও নিরাপত্তার সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
টুঙ্গিপাড়া চৌরাস্তার ব্যবসায়ী কবির মিয়া বলেন, “হুজুগে রাস্তায় নেমে থানা আর এমপির বাড়ি পোড়ানো হলো, এখন সবাই আসামি হয়ে বিপদে পড়েছে।” মুকসুদপুরের মুদি দোকানি আশরাফুলের ভাষায়, “যারা থানা ভাঙল, পুলিশ-বিজিবিকে রক্তাক্ত করল আর গাছ কেটে রাস্তা আটকাল—তাদের কারণে এখন পুরো জনপদ ভুগছে।”
কাশিয়ানী মোড়ের কলা বিক্রেতা আরমান ঢালী ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, “কার উসকানিতে এলাকার তরুণরা নাশকতায় জড়াল, এখন তার পরিণতি সবাইকে ভোগ করতে হচ্ছে।” টেংরাখোলা বাজারের বাসিন্দা মো. ইউসুফ হাওলাদার ও স্থানীয় এক তরুণ কলাচাষি জানান, নিজের শহর ও সড়কের গাছ ধ্বংস করে অবরোধ সৃষ্টি করায় নিজেদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎই বিপন্ন হয়েছে; ক্ষোভের আগুনে নিজের জনপদ পুড়িয়ে দেওয়ার কোনো অধিকার কারও নেই।











































