Home জাতীয় মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ, সুবিধা পাবেন ২১ হাজার গ্রাহক

মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ, সুবিধা পাবেন ২১ হাজার গ্রাহক

0

ঢাকা অফিস।।

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ৫০০ কোটি টাকার ঋণ তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ কর্মসূচির আওতায় বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য গ্রাহকেরা ৬ শতাংশ সুদে ঋণ পাবেন।

এতে সারা দেশে ২১ হাজার গ্রাহক উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি। সম্প্রতি পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি পিকেএসএফকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এ অর্থ সংস্থাটির ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হবে।

এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। কর্মসূচির প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে ইতিমধ্যে পিকেএসএফের ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর ও অর্থ ছাড় শুরু হয়েছে। এসব সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে এ ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে।

পিকেএসএফের হিসাব অনুযায়ী, এ তহবিলের আওতায় সারা দেশে ২১ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে।

এসব ব্যবস্থা থেকে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানায়, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে। পিকেএসএফের প্রক্ষেপণ অনুযায়ী, এ উদ্যোগের ফলে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

বিশেষ করে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিকল্প বিদ্যুৎ উৎস ব্যবহারের সুযোগ সম্প্রসারিত হবে। কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণে একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ডও চালু করেছে পিকেএসএফ। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ এবং সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পরিবীক্ষণ করা যাবে।