ঢাকা অফিস।।
সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর দেশকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে। দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাগ্রে। তারা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই আধুনিক সেনাবাহিনী গড়ে উঠেছে।
রিজভী আরও বলেন, যারা পরাজিত শক্তি এবং অন্যের পদতলে নিজেদের সমর্পণ করে, তাদের মনে রাখা উচিত, দেশের মানুষের স্বাধীনতাকামী চেতনা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে দুর্বল করার চেষ্টা প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনী দিবস ও জিয়াউর রহমানের অবদান এ ক্ষেত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে।
র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।











































