আন্তর্জাতিক ডেস্ক।।
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভারতের কাছ থেকে আরো দুটি অস্ত্রব্যবস্থা কেনার কথা বিবেচনা করছে ফিলিপাইন। দেশটি পাঁচটির বেশি রেজিমেন্টের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (আকাশ) এবং কয়েকটি ব্যাটারি পিনাকা রকেট লঞ্চার কেনার পরিকল্পনা করছে।
এর আগে ভারতের তৈরি ব্রহ্মোস জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনেছিল ফিলিপাইন। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, নতুন এই অস্ত্র কেনার মধ্য দিয়ে ফিলিপাইনের সামরিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ভারতের সঙ্গে দেশটির সামরিক সহযোগিতা আরো গভীর হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিবেদনটি প্রকাশের দুই সপ্তাহ আগে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জানিয়েছিলেন, তার দেশ আরো ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে চায়। এ বিষয়ে ভারতের কাছে একটি প্রস্তাবিত তালিকাও পাঠিয়েছে ম্যানিলা। এতে ফিলিপাইনের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষেপণাস্ত্রের কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারতের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করতে পারলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রতিরোধক্ষমতা আরো শক্তিশালী হবে।
পাশাপাশি ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সম্পর্ক গড়ে তোলার ভিত্তিও তৈরি হতে পারে।











































