Home আঞ্চলিক ৩০ নভেম্বর নয়, ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর নয়, ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি।।

পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তার এ সফর দু’দিন পেছানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন এ তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি এবং এর সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষ করে একইদিন তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে গতিশীল হলে, কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৩০ নভেম্বরের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সার্বিক বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।