স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে নিকো পাজকে নিয়ে আশাবাদী দেশটির সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। কোমোর এই ২২ বছর বয়সী প্লেমেকারের মধ্যে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার ছায়া দেখছেন তিনি।
এমনকি একই বয়সে পাজের মতো কিছু গুণ শুধু এই দুই কিংবদন্তির মধ্যেই দেখেছেন বলে মন্তব্য করেছেন সাবেক এই ফুটবলার। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে পাজের কারিগরি দক্ষতা, ফুটবলীয় বুদ্ধিমত্তা ও পরিণতিবোধের প্রশংসা করেন ভেরন।
তিনি বলেন, ‘২২ বছর বয়সে কিছু কিছু কাজ করতে আমি শুধু মেসি ও এক দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকেই দেখেছি।’
তবে পাজকে এখনই মেসি কিংবা ম্যারাডোনার পর্যায়ে বসাতে চান না সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির এই মিডফিল্ডার।
তার বিশ্বাস, পেশাদারত্ব ও বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে অসাধারণ একজন ফুটবলার হয়ে উঠবেন পাজ।
ভেরনের ভাষায়, ‘সে যদি এখনকার মতো পেশাদার আচরণ বজায় রাখতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’
মাঠে পাজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বও মুগ্ধ করেছে ভেরনকে। তার মতে, প্রতিপক্ষের কড়া পাহারায় থাকলেও সতীর্থরা নিয়মিত পাজকে বল দেন। কারণ, তারা জানেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে আসতে এবং কঠিন পরিস্থিতি থেকে সমাধান খুঁজে নিতে পারেন।
খেলার গতি বোঝার ক্ষমতারও প্রশংসা করেছেন ভেরন। কখন আক্রমণের গতি বাড়াতে হবে, কখন খেলা ধীর করতে হবে কিংবা আক্রমণের শেষ ভাগে কীভাবে দায়িত্ব নিতে হবে, তা পাজ ভালোভাবেই বোঝেন বলে মনে করেন তিনি। এ কারণেই তাকে স্বাভাবিক নেতৃত্বগুণসম্পন্ন ফুটবলার হিসেবে দেখছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা।
নিজের খেলার ধরনের সঙ্গে পাজের তুলনা টেনে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ যেন ২০ মিটার এগিয়ে থাকা ভেরন। সে স্বাধীনভাবে শট নিতে পারে, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে কিংবা রক্ষণভাগ চেরা পাস দিতে পারে।’
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে পাজের পারফরম্যান্সকে তার সামর্থ্যের প্রধান প্রমাণ হিসেবে দেখছেন না ভেরন। বরং ইতালিয়ান সিরি আতে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পাজের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সেখানে উচ্চমানের প্রতিযোগিতার মধ্যেও নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন এই তরুণ।
তবে আর্জেন্টিনার উঠতি ফুটবলারদের নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার পরামর্শও দিয়েছেন ভেরন। তার মতে, তরুণদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। ম্যারাডোনা, এমনকি তার আগে ওমর সিভোরির সঙ্গে তুলনার চাপে আর্জেন্টিনার বেশ কয়েকজন প্লেমেকার যে সমস্যায় পড়েছিলেন, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ধৈর্য ধরার আহ্বানের সঙ্গেও একমত ভেরন।
তিনি সতর্ক করে বলেন, ‘তাদের শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’
আর্জেন্টিনার আরেক তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়েও কথা বলেছেন ভেরন। ফিওরেন্তিনার এই খেলোয়াড়ের কারিগরি দক্ষতা, গতি ও ড্রিবলিংয়ের প্রশংসা করলেও পাজের তুলনায় তাকে বিকাশের প্রাথমিক পর্যায়ে দেখছেন তিনি।
ভেরন বলেন, ‘তার অসাধারণ কিছু গুণ আছে। সহজেই ড্রিবলিং করতে পারে, দ্রুতগতির এবং বল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। আর সেটাই স্বাভাবিক, কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’
মাস্তানতুয়োনোর সম্ভাবনা বিকশিত করতে নিয়মিত খেলার সুযোগ দেওয়ার ওপরও জোর দিয়েছেন ভেরন। এ ক্ষেত্রে ইতালিয়ান ফুটবলে পাজের অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে দেখিয়েছেন তিনি। নিয়মিত খেলার সুযোগ একজন তরুণ ফুটবলারের উন্নতিতে কতটা ভূমিকা রাখতে পারে, সেটিই বোঝাতে চেয়েছেন সাবেক এই মিডফিল্ডার।
সবশেষে আর্জেন্টিনার জাতীয় দলে মেসি-পরবর্তী সময়ে পাজ ও মাস্তানতুয়োনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশাবাদ জানিয়েছেন ভেরন। তার কথায়, ‘আমরা ১০ নম্বর জার্সিধারী ফুটবলারের দেশ। এই দুই তরুণ আমাদের বড় স্বপ্ন দেখাতে পারে। তবে শর্ত একটাই, তাদের শান্তিতে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।’











































