কয়রা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের ঢাল কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে দুই ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সানা ব্রিকস ও এসএস ব্রিকস নামের ইটভাটা দুটি এক্সকাভেটর দিয়ে প্রকাশ্যে বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাটা দুটির মালিকরা।
সরেজমিনে দেখা যায়, নাকশা গ্রামে বেড়িবাঁধের পাশেই গড়ে উঠেছে দুটি ইটভাটা। বাঁধের ঢাল থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে এবং তা ভাটায় নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধের মাটি ব্যবহার করছে ইকরামুল হকের মালিকানাধীন সানা ব্রিকস (এসবিআই নামেও পরিচিত) ও মো. সোহরাব আলীর মালিকানাধীন এসএস ব্রিকস।
স্থানীয়রা জানান, উপকূলের মানুষের কাছে বেড়িবাঁধ ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার নিরাপত্তা। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে সামান্য দুর্বলতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাদের আশঙ্কা, ঢাল কেটে মাটি সরালে বর্ষা ও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি ঢোকার ঝুঁকি বাড়বে এবং পাউবোর রাস্তা ও নদীর পাড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউপি সদস্য মো. আইয়ুব রহমান বলেন, বাঁধের কয়েক জায়গা থেকে এবং নদী থেকে ইটভাটার জন্য মাটি নেওয়ার কথা তিনি শুনেছেন।
ভাটার মালিকরা ক্ষমতাবান হওয়ায় চাইলেও বন্ধ করা যায় না; বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
ভাটার ধোঁয়া ও ধুলায় কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কাও করছেন তারা।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কয়রা উপজেলায় কোনো বৈধ ইটভাটা নেই। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, সুন্দরবনের কাছে ইটভাটা চালুর বিষয়টি তার আগে জানা ছিল না; জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, মৌসুম শুরুর আগেই অবৈধ ভাটার মালিকদের নতুন বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এসব ভাটার কোনো বৈধতা নেই এবং আগামী কয়েক দিনের মধ্যে অভিযান চালানো হবে। ভাটা চালুর পেছনে দপ্তরের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় ব্যবহার আইনগত অপরাধ। বিষয়টি স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেবেন।
সানা ব্রিকসের ব্যবস্থাপক টোটন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁধের মাটি কাটার সুযোগ নেই। বাঁধের একটি পানি নিষ্কাশন গেট মাটিতে ঢাকা পড়ায় স্থানীয়দের অনুরোধে পাশের মাটি সরানো হয়ে থাকতে পারে, সেখান থেকেই এমন হয়ে থাকতে পারে।
এ সময় তিনি বাইরে আছেন বলে জানান এবং খোঁজ নিয়ে বাঁধ থেকে মাটি কাটা হলে তা বন্ধ করে দেবেন।
এসএস ব্রিকসের মালিক সোহরাব আলী জানান, তারা বাঁধ থেকে মাটি কাটেননি; নদীর যেখানে পলি জমেছে, সেখান থেকে মাটি নেন। সামনে নির্বাচন থাকায় প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাদের ক্ষতির চেষ্টা করছে বলে দাবি তার।
এ বিষয়ে কয়রার ইউএনও আবদুল্লাহ আল বাকীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।











































