Home Lead বাংলাদেশকে ধারণ করলে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ধারণ করলে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

2


ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনা উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ’৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ ও জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। এই লাখো শহীদের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান কর্তব্য রয়েছে। প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা।’

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সেনা হত্যাযজ্ঞ-পরবর্তী বাংলাদেশকে কী ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়েছিল, তা দেশবাসীর জানা। ’৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশপ্রেমিক জনগণ লক্ষ্য করেছে—১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর এবং সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও এসব পরিকল্পনার অংশ।’

তারেক রহমান বলেন, ‘আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ হচ্ছে “চেইন অব কমান্ড”। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই। সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবনমানের আরও উন্নয়নের ব্যাপারেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে ‘One Rank, One Pension’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। সময়স্বল্পতার কারণে আমি আজ এই অনুষ্ঠানে বিস্তারিত উল্লেখ করছি না। পাহাড়ের দুর্গম জনপদ থেকে দেশের দুর্যোগকবলিত এলাকা—যেখানেই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর সদস্যরা যেভাবে জনগণের পাশে থেকে ভূমিকা রাখছেন, একইভাবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশের পুরুষ ও নারী সেনাসদস্যগণ সুনাম অর্জন করেছেন। জনগণ দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকায় গর্বিত।’

সরকারপ্রধান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শহীদ ও আহত হয়েছেন। আমি এই সশস্ত্র বাহিনী দিবসে আল্লাহর দরবারে দেশে-বিদেশে শাহাদাতবরণকারী এসব বীর সেনানির মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সদস্যদের প্রতিও জানাই আন্তরিক সহমর্মিতা।’