বিনোদন ডেস্ক।।
প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাদের পরিবারে এসেছে নতুন অতিথি। ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু। ১৯ নভেম্বর সন্তানের জন্ম হলেও এক দিন পর, ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি ভক্তদের জানান অভিনেত্রী।
২০ নভেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন সামান্থা। ছবিতে দেখা যায়, ক্রিম রঙের পোশাক পরা নবজাতক মায়ের আঙুল ধরে আছে। ক্যাপশনে ছেলের নাম ও জন্মতারিখও জানান তিনি। দেবের জন্ম ১৯ নভেম্বর ২০২৬। সামান্থা লেখেন, তাঁদের হৃদয় আগে কখনো এতটা আনন্দে ভরে ওঠেনি।

সন্তান জন্মের খবর প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। অভিনেত্রী নয়নতারা ভালোবাসা ও আলিঙ্গনের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান। তৃষা কৃষ্ণান একে নিজের শোনা সেরা খবর বলে মন্তব্য করেন। সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপাদা জানান, খবরটি পড়ে আনন্দে তাঁর চোখে পানি চলে এসেছে। অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চুও তিন সদস্যের পরিবারের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
সন্তান জন্মের কয়েক দিন আগে নিজেদের বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের কয়েকটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে লাল পোশাকে দেখা যায় তাঁকে। রাজ পরেছিলেন ক্রিম রঙের পাঞ্জাবি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে সামান্থাকে।
এর আগে গত জুনে প্রথমবার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। নিজের অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের এক অনুষ্ঠানে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তখন সামান্থা বলেছিলেন, চলমান কাজগুলো শেষ করে কিছুদিনের জন্য বিরতি নেবেন। এরপর আবার অভিনয়ে ফিরবেন।
২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পরে ‘সিটাডেল: হানি বানি’ ও ‘মা ইন্তি বাঙ্গারাম’ প্রকল্পেও একসঙ্গে যুক্ত হন এই দম্পতি।











































